মুকসুদপুরে ইজিবাইকচালক হত্যার বিচার দাবিতে মানববন্ধন
সোমবার, ১৫ জুন, ২০২৬ ১২:১৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জের মুকসুদপুরে ইজিবাইকচালক শহীদুল মাতুব্বর হত্যার ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা। রোববার দুপুরে কমলাপুর এলাকায় আয়োজিত কর্মসূচিতে নিহতের পরিবারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ইজিবাইকচালক শহীদুল মাতুব্বর হত্যার ঘটনায় অভিযুক্তদের দ্রুত বিচার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৪ জুন) দুপুরে উপজেলার কমলাপুর গ্রাম থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কমলাপুর বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে সেখানে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন স্থানীয় বাসিন্দারা।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং ব্যানার-ফেস্টুন প্রদর্শন করেন। কর্মসূচিতে নিহত শহীদুল মাতুব্বরের পরিবারের সদস্যদের পাশাপাশি কমলাপুর এলাকার সর্বস্তরের মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা কৃষকদলের সভাপতি মিজানুর রহমান, পৌর জামায়াতের আমীর কবির আহমেদসহ স্থানীয় বিভিন্ন ব্যক্তি।
বক্তারা অভিযোগ করেন, কমলাপুর গ্রামের নূর হোসেন শেখ মাইকেল ও পলাশ শেখ পরিকল্পিতভাবে শহীদুল মাতুব্বরকে হত্যা করেন। পরে তাঁর মরদেহে আগুন দিয়ে বিকৃত করা হয় বলে দাবি করেন তারা। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান বক্তারা।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গত ৬ জুন ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন শহীদুল মাতুব্বর। পরে ৯ জুন মুকসুদপুর উপজেলার সিন্দিয়া ঘাট এলাকা থেকে তাঁর ব্যবহৃত ইজিবাইক উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তদন্তের অংশ হিসেবে ১০ জুন শহীদুলের প্রতিবেশী নূর হোসেন শেখ মাইকেল ও পলাশ শেখকে আটক করা হয়।
পুলিশের দাবি, আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তীতে শহীদুল মাতুব্বরের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
১০৬ বার পড়া হয়েছে