সর্বশেষ

সারাদেশ

গোপালগঞ্জে বেইলি সেতু ভেঙে খালে ট্রাক, যান চলাচল ব্যাহত

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

সোমবার, ১৫ জুন, ২০২৬ ১২:৩৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জ শহরের পাঁচুড়িয়া এলাকায় ঘোনাপাড়া-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের একটি বেইলি সেতু ভেঙে বালুভর্তি ট্রাক খালে পড়ে গেছে। এ ঘটনায় একটি ইজিবাইক ও একটি বাইসাইকেলও খালে পড়ে যায়। অন্তত তিনজন আহত হয়েছেন। সেতু ভেঙে যাওয়ায় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে।
বেইলি সেতু ভেঙে খালে ট্রাক

গোপালগঞ্জ শহরের পাঁচুড়িয়া এলাকায় একটি বেইলি সেতু ভেঙে বালুভর্তি ট্রাক খালে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। আজ রোববার সকালে ঘোনাপাড়া-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের এই দুর্ঘটনায় একটি ইজিবাইক ও একটি বাইসাইকেলও খালে পড়ে যায়। এতে ট্রাকচালক, তাঁর সহকারী এবং ইজিবাইকচালক আহত হন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, অতিরিক্ত বালুভর্তি একটি ১০ চাকার ট্রাক ঘোনাপাড়ার দিকে যাচ্ছিল। ট্রাকটি পাঁচুড়িয়া এলাকার বেইলি সেতু পার হওয়ার সময় সেতুটি ভেঙে পড়ে এবং ট্রাকটি খালের পানিতে তলিয়ে যায়। একই সময়ে সেতুর ওপর থাকা একটি ইজিবাইক ও একটি বাইসাইকেলও নিচে পড়ে যায়।

আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে দুর্ঘটনার কয়েক ঘণ্টা পরও খালে পড়ে যাওয়া ট্রাক ও ইজিবাইক উদ্ধারের কাজ শুরু হয়নি বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

সেতুটি ভেঙে যাওয়ার ফলে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের ওই অংশ দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বিকল্প হিসেবে লেকপাড় সড়ক ব্যবহার করে যানবাহন চলাচলের ব্যবস্থা করা হয়। তবুও অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীদের অতিরিক্ত পথ ঘুরে চলাচল করতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সেতুটি ঝুঁকিপূর্ণ হলেও সেখানে কোনো সতর্কতামূলক সাইনবোর্ড বা নির্দেশনা ছিল না। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে অবকাঠামোগত ঝুঁকি থাকা সত্ত্বেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি।

পাঁচুড়িয়া এলাকার বাসিন্দা সাগর আহমেদ বলেন, স্থানীয়দের সতর্কতা উপেক্ষা করে অতিরিক্ত বোঝাই ট্রাক সেতু পার হওয়ার চেষ্টা করায় দুর্ঘটনাটি ঘটেছে। অন্যদিকে কয়েকজন বাসিন্দা সেতুর রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছেন।

শিক্ষার্থী শুভ বিশ্বাস বলেন, প্রতিদিন এই সেতু ব্যবহার করে স্কুল ও কোচিংয়ে যেতে হতো। সেতু ভেঙে যাওয়ায় এখন অনেকটা পথ ঘুরে যেতে হবে।

এ বিষয়ে গোপালগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম বলেন, ঘটনাটি জানার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ শুরু করেছে। ভেঙে পড়া বেইলি সেতুটি পুনরায় স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং কাজ শেষ করতে দুই থেকে তিন দিন সময় লাগতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও জানান, স্থায়ী সেতু নির্মাণের কাজ চলমান রয়েছে। নির্মাণস্থলে পর্যাপ্ত জায়গার অভাবে প্রকল্পে ডাইভারশন সড়কের ব্যবস্থা রাখা সম্ভব হয়নি।

উল্লেখ্য, ২০২২ সালের নভেম্বরে মধুমতি নদীর সঙ্গে পাচুড়িয়া খালের পুনঃসংযোগ স্থাপনের জন্য ওই এলাকায় সড়ক কেটে দুটি বেইলি সেতু নির্মাণ করা হয়েছিল। পরবর্তীতে সেখানে একটি স্থায়ী সেতু নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয় এবং সম্প্রতি এর নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন