গোপালগঞ্জে বিশ্ব রক্তদাতা দিবস পালিত, ৫০ স্বেচ্ছা রক্তদাতাকে সম্মাননা
সোমবার, ১৫ জুন, ২০২৬ ১২:২৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে গোপালগঞ্জে আলোচনা সভা ও স্বেচ্ছা রক্তদাতাদের সম্মাননা প্রদান করা হয়েছে। নিরাপদ রক্তের চাহিদা পূরণে স্বেচ্ছা রক্তদানের গুরুত্ব তুলে ধরে অনুষ্ঠানে মানবসেবায় অবদান রাখা ৫০ জন রক্তদাতাকে সম্মানিত করা হয়।
বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে গোপালগঞ্জে আলোচনা সভা ও রক্তদাতাদের সম্মাননা প্রদান করা হয়েছে। জেলা রেড ক্রিসেন্ট রক্তদাতা কেন্দ্রের উদ্যোগে রোববার সকালে গোপালগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‘এক ফোঁটা মানবতা, রক্ত দিন, জীবন বাঁচান’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান শরীফ রফিকুজ্জামান।
অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা রেড ক্রিসেন্টের ইউনিট লেভেল অফিসার বিপ্লব কুমার বিশ্বাস এবং যুব প্রধান জুবায়ের খান। এ সময় রেড ক্রিসেন্টের কর্মকর্তা, স্বেচ্ছাসেবক, রক্তদাতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, নিরাপদ রক্ত সরবরাহ নিশ্চিত করতে স্বেচ্ছা রক্তদাতাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন স্বেচ্ছা রক্তদাতার দেওয়া এক ব্যাগ রক্ত একজন মুমূর্ষু রোগীর জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।
প্রধান অতিথি শরীফ রফিকুজ্জামান বলেন, স্বেচ্ছায় রক্তদান শুধু জীবন বাঁচায় না, এটি সমাজে মানবিক মূল্যবোধ ও সহমর্মিতার সংস্কৃতি গড়ে তুলতেও সহায়তা করে। তিনি মানবতার সেবায় আরও বেশি মানুষকে নিয়মিত রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান।
পরে মানবসেবায় বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে জেলার ৫০ জন নিয়মিত ও স্বেচ্ছা রক্তদাতার হাতে ক্রেস্ট তুলে দিয়ে সম্মাননা প্রদান করা হয়।
১০৯ বার পড়া হয়েছে