গোপালগঞ্জ হাসপাতালে ১০ শয্যার আইসিইউ উদ্বোধন, ভেন্টিলেটর অচল নিয়ে বিতর্ক
সোমবার, ১৫ জুন, ২০২৬ ১:২৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে বহুল প্রতীক্ষিত ১০ শয্যার আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র) বিভাগের উদ্বোধন করা হয়েছে। তবে উদ্বোধনের পরপরই ১০টি ভেন্টিলেটরের মধ্যে ৯টি অচল থাকার অভিযোগ ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। স্থানীয় সংসদ সদস্যসহ সংশ্লিষ্টরা বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।
রোববার (১৪ জুন) দুপুরে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আইসিইউ বিভাগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে তিনি বলেন, ২০২০ সালে কোভিড পরিস্থিতির সময় এই আইসিইউর জন্য ভেন্টিলেটরসহ বিভিন্ন যন্ত্রপাতি বরাদ্দ দেওয়া হয়েছিল। তবে বর্তমানে দেখা যাচ্ছে, ১০টি ভেন্টিলেটরের মধ্যে ৯টিই অচল। তিনি এসব যন্ত্রপাতিকে নিম্নমানের হিসেবে উল্লেখ করে দ্রুত নতুন ভেন্টিলেটর সরবরাহের দাবি জানান এবং বিষয়টি নিয়ে তদন্ত ও জবাবদিহির প্রয়োজনীয়তার কথা বলেন।
তিনি আরও অভিযোগ করেন, দীর্ঘ ছয় বছর ধরে আইসিইউটি চালু না হওয়ায় জনগণ সেবা থেকে বঞ্চিত হয়েছে। একই সঙ্গে অতীত প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রকল্পের সাবেক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. অসিত মল্লিক দাবি করেন, প্রকল্পটি কেন্দ্রীয়ভাবে ডিজি অফিস থেকে বাস্তবায়িত হয়েছে এবং স্থানীয় পর্যায়ে তার কোনো হস্তক্ষেপ ছিল না।
অন্যদিকে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জীবিতেশ বিশ্বাস জানান, ২০২০ সালে ক্রয় করা যন্ত্রপাতি দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় এবং মানগত সমস্যার কারণে বর্তমানে অনেকগুলোই অচল হয়ে পড়েছে। পাশাপাশি দক্ষ জনবল সংকটও আইসিইউ পরিচালনায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বলে তিনি উল্লেখ করেন।
১২১ বার পড়া হয়েছে