উলিপুরে কাঁঠাল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু
সোমবার, ১৫ জুন, ২০২৬ ১২:১৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় কাঁঠাল পাড়ার সময় বিদ্যুতের তারের সংস্পর্শে এসে কয়সার আলী (৬০) নামে এক কাঁঠাল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার ধরণীবাড়ী ইউনিয়নের মধুপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় কাঁঠাল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহতের নাম কয়সার আলী (৬০)। তিনি উপজেলার হাতিয়া ইউনিয়নের চিড়াখাওয়ার পাড় গ্রামের বাসিন্দা এবং তমিজউদ্দিনের ছেলে।
রোববার (১৪ জুন) সকাল ১০টার দিকে উপজেলার ধরণীবাড়ী ইউনিয়নের মধুপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়সার আলী দীর্ঘদিন ধরে মৌসুমি কাঁঠাল ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। সকালে তিনি মধুপুর গ্রামের একটি গাছ থেকে কাঁঠাল পাড়তে যান। এ সময় অসাবধানতাবশত পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সংস্পর্শে এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে গেলেও তাকে আর উদ্ধার করা সম্ভব হয়নি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ভিড় করেন।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক বলেন, একজন ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়ার বিষয়টি তিনি শুনেছেন। তবে এ বিষয়ে থানায় এখনো আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ বা তথ্য জানানো হয়নি।
১২১ বার পড়া হয়েছে