উপজেলা শিক্ষা ট্রাস্টে বিনিয়োগই ভবিষ্যৎ গড়ার সেরা উপায়: বিজন কান্তি সরকার
রবিবার, ১৪ জুন, ২০২৬ ১১:২৯ অপরাহ্ন
শেয়ার করুন:
“মানুষের জন্য বিনিয়োগই সবচেয়ে বড় বিনিয়োগ”—এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার। তিনি বলেন, উপজেলা শিক্ষা ট্রাস্টের মাধ্যমে শিক্ষার্থীদের সহায়তা বাড়ানো গেলে আদর্শ ও কর্মক্ষম মানুষ গড়ে তোলা সম্ভব, যারা কখনোই সমাজের বোঝা হয়ে দাঁড়াবে না।
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত ‘উপজেলা শিক্ষা ট্রাস্ট’ এর শিক্ষা সহায়তা চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজন কান্তি সরকার বলেন, জেলা প্রশাসকের উদ্যোগে গঠিত শিক্ষা ট্রাস্ট একটি প্রশংসনীয় পদক্ষেপ। এর মাধ্যমে দরিদ্র ও পিছিয়ে পড়া পরিবারের শিক্ষার্থীদের সহযোগিতা করা হচ্ছে, যা তাদের পড়াশোনায় আগ্রহী করে তুলবে। তিনি আরও বলেন, “ভালো মানুষ তৈরি করতে পারলে সমাজে এর চেয়ে বড় অর্জন আর কিছু হতে পারে না।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশাররফ হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমর রুবেল, কর্মসংস্থান ব্যাংকের চেয়ারম্যান ও সাবেক সচিব ড. এ এফ এম মতিউর রহমান, ব্যবস্থাপনা পরিচালক অরুণ কুমার চৌধুরী, সাবেক অতিরিক্ত সচিব রেবা রানী সাহা এবং ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমানসহ অনেকে।
জেলা প্রশাসক মো. সাইফুর রহমান জানান, ময়মনসিংহের সব উপজেলায় শিক্ষা ট্রাস্ট গঠন করা হয়েছে। এই ট্রাস্টের মাধ্যমে দরিদ্র শিক্ষার্থীদের নিয়মিত শিক্ষা বৃত্তি প্রদান করা হচ্ছে। ধোবাউড়া উপজেলায় দুইজন শিক্ষার্থীকে আড়াই হাজার টাকা করে সহায়তা প্রদান করা হয়। তিনি বিত্তবানদের শিক্ষা ট্রাস্টে অনুদান দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে অতিথিরা দুই শিক্ষার্থীর হাতে শিক্ষা বৃত্তির চেক তুলে দেন।
১১৮ বার পড়া হয়েছে