হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, ৩ মাসে মৃতের সংখ্যা ৫৬০
রবিবার, ১৪ জুন, ২০২৬ ১১:২৫ অপরাহ্ন
শেয়ার করুন:
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬০ জনে। একই সময়ে আক্রান্ত ও হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও উদ্বেগজনক হারে বাড়ছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, শনিবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে ১ হাজার ৫২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের মধ্যে ৯৭৩ জনকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বুলেটিনে আরও জানানো হয়, একই ২৪ ঘণ্টায় ৭৫টি নমুনায় হাম শনাক্ত হয়েছে। দেশে বর্তমানে হামের উপসর্গ নিয়ে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৫ হাজার ৯৫১ জনে। এখন পর্যন্ত ১০ হাজার ৩২৩টি নমুনায় হাম শনাক্ত হয়েছে।
বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে ঢাকা বিভাগে—৩৯৮ জন। সবচেয়ে কম ভর্তি হয়েছে রংপুর বিভাগে—১২ জন।
মৃত্যুর পরিসংখ্যানে দেখা যায়, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকায়—২৩৬ জন। এরপর রাজশাহী বিভাগে মৃত্যু হয়েছে ৮৭ জনের।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের সংক্রামক রোগের বিস্তার নিয়ন্ত্রণে দ্রুত টিকাদান, সচেতনতা বৃদ্ধি এবং আক্রান্তদের দ্রুত চিকিৎসা গ্রহণ অত্যন্ত জরুরি।
১২০ বার পড়া হয়েছে