বিজিবির সতর্কতায় কুষ্টিয়া-মেহেরপুর সীমান্তে ‘পুশইন’ চেষ্টা ব্যর্থ
সোমবার, ৮ জুন, ২০২৬ ৯:৩২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তের কয়েকটি পয়েন্টে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশে লোকজন প্রবেশ করানোর চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে।
তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং স্থানীয় বাসিন্দাদের সতর্ক অবস্থানের কারণে এসব চেষ্টা সফল হয়নি বলে জানিয়েছে সীমান্ত সংশ্লিষ্ট সূত্রগুলো।
সীমান্ত সূত্রে জানা যায়, ভারতের বিভিন্ন এলাকা থেকে আনা কিছু ব্যক্তিকে সীমান্তসংলগ্ন হোল্ডিং সেন্টারে রাখা হচ্ছে এবং পরবর্তীতে তাদের বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এ ক্ষেত্রে ভারতের অভ্যন্তরে স্থাপিত কাঁটাতারের বেড়ার গেট খুলে দেওয়া বা কিছু স্থানে বেড়া কেটে লোকজনকে বাংলাদেশের দিকে পাঠানোর চেষ্টা করা হয়েছে বলেও দাবি করা হয়েছে।
গত শনিবার ভোরে মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া সীমান্ত দিয়ে ছয়জন ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয় বলে জানিয়েছে বিজিবি সূত্র। তবে বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় ওই চেষ্টা ব্যর্থ হয়। পরে ওই ব্যক্তিদের সীমান্তের শূন্যরেখায় রেখে বিএসএফ সদস্যরা সরে যায় বলে জানা গেছে। পরবর্তীতে তাদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেওয়া হয়েছে বলে দাবি করেছে সংশ্লিষ্ট সূত্র।
কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তের প্রায় ৮২ কিলোমিটার এলাকা ৪৭ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বাধীন। ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন সীমান্ত পয়েন্টে সাম্প্রতিক সময়ে একাধিকবার একই ধরনের ঘটনা প্রতিহত করা হয়েছে বলে জানা গেছে।
সীমান্ত এলাকায় অবস্থানরত স্থানীয়দের দাবি, ভারতের কাঁটাতারের বেড়ার ওপারে বিভিন্ন সময়ে যানবাহনে করে কয়েকজন ব্যক্তিকে নিয়ে বিএসএফ সদস্যদের চলাচল করতে দেখা গেছে। স্থানীয়দের মতে, সুযোগ পেলে এসব ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করানোর পরিকল্পনা থাকতে পারে। তবে বিজিবির কড়া নজরদারি ও নিয়মিত টহলের কারণে কোনো অনুপ্রবেশ ঘটেনি।
এ বিষয়ে ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি রয়েছে। দেশের ভৌগোলিক অখণ্ডতা ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে এবং পর্যাপ্ত জনবল মোতায়েন রয়েছে। তিনি জানান, সীমান্তবাসীর সহযোগিতাও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তিনি আরও বলেন, সীমান্তে অনুপ্রবেশের যেকোনো প্রচেষ্টা প্রতিহত করতে বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে এবং বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
১৩৪ বার পড়া হয়েছে