হজ শেষে আবার শুরু হলো ওমরাহ ভিসা ইস্যু
সোমবার, ১ জুন, ২০২৬ ৪:৫৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
হজ মৌসুম শেষ হওয়ার পর নতুন ওমরাহ মৌসুমের জন্য পুনরায় ভিসা আবেদন গ্রহণ শুরু করেছে সৌদি আরব।
দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, ৩১ মে থেকে ১৪৪৮ হিজরি সালের ওমরাহ মৌসুমের ভিসা ইস্যু কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, বিশ্বের বিভিন্ন দেশ থেকে ওমরাহ পালনকারীদের জন্য সৌদি আরবে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। নতুন মৌসুমে ওমরাহ যাত্রীরা সরকারি ডিজিটাল প্ল্যাটফর্ম ‘নুসুক’ (Nusuk) অ্যাপের মাধ্যমে ওমরাহ পারমিট এবং মক্কায় প্রবেশের অনুমতি সংগ্রহ করতে পারবেন।
সৌদি সরকারের একীভূত ডিজিটাল সেবা প্ল্যাটফর্ম নুসুকের মাধ্যমে ওমরাহ-সংক্রান্ত বিভিন্ন সেবা, যেমন অনুমতি গ্রহণ, বুকিং এবং প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে। সাম্প্রতিক বছরগুলোতে ওমরাহ ব্যবস্থাপনায় প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দিয়েছে সৌদি আরব।
হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, আগামী বছরের ৯ মার্চ (১ শাওয়াল ১৪৪৮ হিজরি) পর্যন্ত নতুন মৌসুমের ওমরাহ ভিসা ইস্যু করা হবে। এছাড়া ২৩ মার্চ পর্যন্ত ওমরাহ যাত্রীরা সৌদি আরবে প্রবেশ করতে পারবেন।
সৌদি আরবের ‘ভিশন ২০৩০’ কর্মসূচির আওতায় হজ ও ওমরাহ সেবার আধুনিকায়নে ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে। এসব উদ্যোগের মধ্যে রয়েছে ইলেকট্রনিক পারমিট ব্যবস্থা, স্বয়ংক্রিয় চুক্তি প্রক্রিয়া, কিউআর কোড যাচাইকরণ ব্যবস্থা এবং পরিবহন ও আবাসন অবকাঠামোর উন্নয়ন।
কর্তৃপক্ষের আশা, আধুনিক প্রযুক্তিনির্ভর সেবার ফলে নতুন মৌসুমে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত মুসল্লিরা আরও সহজ ও সুশৃঙ্খলভাবে ওমরাহ পালনের সুযোগ পাবেন।
১৭৯ বার পড়া হয়েছে