সর্বশেষ

সারাদেশ

ফরিদপুরে ঈদ ছুটিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৭, আহত অর্ধশতাধিক

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

সোমবার, ১ জুন, ২০২৬ ৪:৫৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঈদুল আজহার ছুটির সময়ে ফরিদপুর জেলার বিভিন্ন সড়ক ও মহাসড়কে পৃথক ছয়টি দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জনের বেশি মানুষ। নিহতদের মধ্যে পাঁচজনই তরুণ বলে জানা গেছে। বেশিরভাগ দুর্ঘটনাই ঘটেছে মোটরসাইকেল জড়িত সংঘর্ষে।

পুলিশ, ফায়ার সার্ভিস এবং হাসপাতাল সূত্রে জানা যায়, ঈদের আগের দিন বুধবার থেকে রোববার দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে এসব দুর্ঘটনা ঘটে।

ঈদের দিন বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা–খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার সুয়াদি বাসস্ট্যান্ড এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আলিমুজ্জামান মাতুব্বর (৫৫) নিহত হন। তিনি অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য এবং নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের উত্তরকান্দি গ্রামের বাসিন্দা।

একই দিনে বিকেলে ঢাকা–বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার নারানখালী ব্রিজ এলাকায় একটি ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান রাজন শেখ (১৮)। গুরুতর আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর ইব্রাহিম ফকির (১৭) নামের আরেক কিশোর মারা যান। তারা দুজনই মধুখালী উপজেলার নওয়াবাড়ী ঘোষকান্দি গ্রামের বাসিন্দা ছিলেন এবং ঈদের ছুটিতে ঘুরতে বের হয়েছিলেন।

ভাঙ্গা হাইওয়ে থানার পুলিশ জানায়, ভাঙ্গা গোলচত্বরের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ব্যক্তিগত গাড়ির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে, এতে মোটরসাইকেলটি ছিটকে খাদে পড়ে যায়।

এর আগের দিন বুধবার রাত ১১টার দিকে ঢাকা–বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার পূর্বসদরদী এলাকায় দুটি মোটরসাইকেলের সংঘর্ষে সাইফুল মোল্লা (২৩) ও আলী ইমরান শরীফ (২৪) নিহত হন। এ ঘটনায় আরও দুজন আহত হন। হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, দ্রুতগতিতে চলা দুই মোটরসাইকেলের সংঘর্ষে চার আরোহী সড়কে ছিটকে পড়েন।

একই দিন আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের আউষের হাট এলাকায় নছিমন উল্টে উমর শেখ (২১) নিহত হন। তিনি ঈদের ছুটিতে বাড়িতে এসে বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হয়েছিলেন।

ঈদের দিন বিকেলে চরভদ্রাসন উপজেলার হাজীগঞ্জ বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় একটি অজ্ঞাত মোটরসাইকেলের ধাক্কায় ময়না খাতুন (৬৫) নিহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

সবশেষ রোববার (৩১ মে) দুপুরে ঢাকা–খুলনা মহাসড়কের নগরকান্দা উপজেলার ঝাটুরদিয়া এলাকায় ঢাকাগামী রাজিব পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে পড়ে যায়। এতে অন্তত ২৫ জন যাত্রী আহত হন, যাদের মধ্যে ২৩ জনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নগরকান্দা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার জানান, খবর পেয়ে উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে পাঠান।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানান, আহতদের মধ্যে কারও অবস্থা আশঙ্কাজনক নয়।

ভাঙ্গা হাইওয়ে থানার পরিদর্শক জানান, ঈদের ছুটিতে মহাসড়কে একাধিক দুর্ঘটনা ঘটেছে, যার বেশিরভাগই মোটরসাইকেল সংশ্লিষ্ট। এসব ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

১৬৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন