সুন্দরবনের খোলপেটুয়া নদীতে জেলের জালে ধরা পড়ল ১০ কেজি ওজনের বিরল কচ্ছপ
রবিবার, ১৪ জুন, ২০২৬ ৫:৪৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের খোলপেটুয়া নদীতে মাছ ধরার সময় এক জেলের জালে প্রায় ১০ কেজি ওজনের একটি বিরল প্রজাতির কচ্ছপ ধরা পড়ে। পরে স্থানীয় যুবক ও কমিউনিটি প্যাট্রোলিং গ্রুপের (সিপিজি) সদস্যদের সহায়তায় প্রাণীটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের খোলপেটুয়া নদী থেকে আব্দুস সাত্তার নামের এক জেলের জালে একটি বিরল প্রজাতির কচ্ছপ ধরা পড়েছে। শনিবার সকালে শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের শেখবাড়ি এলাকার ওই জেলে নদীতে মাছ ধরার সময় কচ্ছপটি তার জালে উঠে আসে।
পরে তিনি কচ্ছপটি বাড়িতে নিয়ে গেলে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে। স্থানীয় কয়েকজন যুবক ও গ্রামবাসী সেখানে গিয়ে কচ্ছপটি উদ্ধার করেন। এরপর কমিউনিটি প্যাট্রোলিং গ্রুপের (সিপিজি) সদস্যদের মাধ্যমে সেটি বন বিভাগের কলাগাছিয়া স্টেশনে হস্তান্তর করা হয়।
স্থানীয়দের ভাষ্য, কচ্ছপটির ওজন আনুমানিক ১০ কেজি। বিরল এ প্রাণীটি ধরা পড়ার খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়া ফাঁড়ির স্টেশন কর্মকর্তা (এসও) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয় বাসিন্দারা কচ্ছপটি উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেছেন এবং বর্তমানে প্রাণীটি তাদের হেফাজতে রয়েছে।
তবে এটি ঠিক কোন প্রজাতির কচ্ছপ, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
সাইফুল ইসলাম আরও বলেন, সুন্দরবনের নদ-নদীতে বিভিন্ন প্রজাতির বিরল ও বিলুপ্তপ্রায় জলজ প্রাণীর বিচরণ রয়েছে। জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে এ ধরনের প্রাণী ধরা পড়লে দ্রুত বন বিভাগকে অবহিত করার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়েছে।
১১৬ বার পড়া হয়েছে