কুয়াকাটায় “সংকটে আনন্দে নজরুল” শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
রবিবার, ১৪ জুন, ২০২৬ ২:৫৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কুয়াকাটায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে “সংকটে আনন্দে নজরুল” শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে কলাপাড়া উপজেলা প্রশাসন ও জাতীয় কবি নজরুল ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. কাউছার হামিদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের পরিচালক (উপসচিব) কে, এম, আল-আমীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বরিশাল অঞ্চলের উপ-পরিচালক মুহাম্মাদ জাহাঙ্গীর হোসাইন, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, সাবেক সভাপতি আনোয়ার হোসেন আনু, সাধারণ সম্পাদক হোসাইন আমির, কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান, কলাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. মনিরুজ্জামান খান, এবং মহিপুর কো-অপ্ট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বানী কান্ত সিকদারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়াও অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে নজরুলের জীবন ও সাহিত্য দর্শন নিয়ে আলোচনা করেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও কুয়াকাটা পৌর প্রশাসক মো. ইয়াসীন সাদেক এবং কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. শাহাবুদ্দিন হাওলাদার।
আলোচনায় বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্মে একদিকে যেমন রয়েছে দ্রোহ ও প্রতিবাদের চেতনা, অন্যদিকে রয়েছে প্রেম, মানবতা ও আনন্দের বার্তা। তাঁর এই দ্বৈত রূপই সংকটকালে মানুষকে শক্তি ও অনুপ্রেরণা জোগায় এবং আনন্দের মুহূর্তে হৃদয়কে সমৃদ্ধ করে।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের সহকারী পরিচালক ফখরুল আলম।
আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
১০৬ বার পড়া হয়েছে