চট্টগ্রামের হত্যা চেষ্টা মামলার তিন আসামি সিলেট থেকে আটক
রবিবার, ১৪ জুন, ২০২৬ ৪:৪৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চট্টগ্রামের খাতুনগঞ্জে সম্পত্তি–সংক্রান্ত বিরোধের জেরে দায়ের হওয়া হত্যা চেষ্টা মামলার তিন আসামিকে সিলেট নগরী থেকে আটক করেছে র্যাব-৯। শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয় বলে জানিয়েছে বাহিনীটি।
চট্টগ্রামের খাতুনগঞ্জ এলাকায় শ্বশুরবাড়ির সম্পত্তি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি হত্যা চেষ্টা মামলার তিন আসামিকে সিলেট থেকে আটক করেছে র্যাব-৯।
র্যাব-৯-এর পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার (১২ জুন) রাতে সিলেট নগরীর এয়ারপোর্ট থানার বড়শালা ফুডপার্ক এলাকার সামনে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া শুরু করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, চট্টগ্রামের খাতুনগঞ্জের সুপারি ব্যবসায়ী হাজী আব্দুল আউয়ালের সঙ্গে তাঁর ভায়রা ভাই ও শ্যালিকাদের মধ্যে শ্বশুরের সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
গত ৮ জুন সন্ধ্যায় ওই বিরোধের জেরে অভিযুক্তরা ৩০ থেকে ৩৫ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে সঙ্গে নিয়ে দেশীয় অস্ত্রসহ বাদীর ব্যবসাপ্রতিষ্ঠানে প্রবেশ করেন বলে অভিযোগ রয়েছে। এ সময় বাদীর বোন জামাই মো. শওকত আলী (৪০), বোন শিরিন আক্তার (২৮) এবং কয়েকজন কর্মচারীকে মারধর করা হয়।
অভিযোগে বলা হয়, একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে শওকত আলীকে আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন। হামলার সময় দোকানের ক্যাশবাক্স থেকে নগদ ৩২ লাখ ৪০ হাজার টাকা, বিভিন্ন ব্যাংকের চেক বই এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যাওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে। একই ঘটনায় দোকানের কর্মচারী মো. জাহেদ (২২)কে জোরপূর্বক তুলে নেওয়ার অভিযোগ রয়েছে।
এ ঘটনায় হাজী আব্দুল আউয়াল বাদী হয়ে চট্টগ্রামের কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর র্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বাড়ায়।
আটক ব্যক্তিরা হলেন কর্ণফুলী থানার শিকলবাহা এলাকার শফিক আহমেদের ছেলে মো. রনি (৩৫), বন্দর থানার বন্দরটিলা এলাকার মৃত হাসমত খানের ছেলে মো. ফারুক খান (৫২) এবং কর্ণফুলী থানার শিকলবাহা এলাকার মৃত আব্দুস শুক্করের মেয়ে রুমা আক্তার (৩৫)।
১১৭ বার পড়া হয়েছে