ফরিদপুরে মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে
রবিবার, ১৪ জুন, ২০২৬ ৫:৩৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের মল্লিকপুর সরদারপাড়া এলাকায় ইয়াসমিন (১৯) নামে এক মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে নিজ বসতঘর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের মল্লিকপুর সরদারপাড়া এলাকায় এক মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৩ জুন) সকালে নিজ বাড়ির একটি কক্ষ থেকে ইয়াসমিন (১৯) নামের ওই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ইয়াসমিন ওই এলাকার ইসরাফিল সর্দার ও আফরোজা বেগমের মেয়ে। তিনি স্থানীয় মল্লিকপুর মহিলা মাদ্রাসার একজন অনাবাসিক ছাত্রী ছিলেন।
পরিবারের সদস্যদের ভাষ্য, শুক্রবার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে রাতের খাবার খেয়ে নিজ কক্ষে বিশ্রামের জন্য যান ইয়াসমিন। শনিবার সকাল সাড়ে সাতটার দিকে তাঁকে ডাকাডাকি করেও কোনো সাড়া পাওয়া যায়নি। পরে পরিবারের সদস্যরা ঘরের ভেতরে তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পান। স্থানীয় লোকজনের সহায়তায় তাঁকে নিচে নামানো হলে তিনি মারা গেছেন বলে নিশ্চিত হওয়া যায়।
খবর পেয়ে ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য মরদেহটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
১২১ বার পড়া হয়েছে