সোনাইমুড়ীতে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, স্বঘোষিত মাদক নির্মূল কমিটির ২ সদস্য গ্রেপ্তার
রবিবার, ১৪ জুন, ২০২৬ ৩:২১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নোয়াখালীর সোনাইমুড়ীতে মো. ফয়েজ উদ্দিন (৪৪) নামে এক ব্যবসায়ীকে মাদকসেবী আখ্যা দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বঘোষিত মাদক নির্মূল কমিটির সদস্যদের বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে।
শুক্রবার (১৩ জুন) নিহতের ছেলে রেজাউল করিম বাদশা বাদী হয়ে সোনাইমুড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন। এর আগে বৃহস্পতিবার (১১ জুন) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার নদনা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উত্তর শাকতলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ফয়েজ উদ্দিন স্থানীয় ব্যবসায়ী ছিলেন। তিনি একই এলাকার মো. জামাল উদ্দিনের ছেলে এবং বাজারে ভ্যানে করে ফল ও সবজি বিক্রি করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই রাতে ছিদ্দিকিয়া আলীয়া মাদরাসার পেছনের কবরস্থানের পাশ থেকে স্বঘোষিত মাদক নির্মূল কমিটির ১০ থেকে ১৫ জন সদস্য ফয়েজ উদ্দিনসহ আরও দুইজনকে আটক করে। পরে তাদের মাদকসেবী আখ্যা দিয়ে নদনা আছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয়।
একপর্যায়ে রাত পৌনে ১২টার দিকে গুরুতর আহত অবস্থায় ফয়েজ উদ্দিন ঘটনাস্থলেই নিস্তেজ হয়ে পড়েন। পরে তাকে ফেলে রেখে অন্য দুইজনকে ইউনিয়ন পরিষদে নিয়ে আটক রাখা হয়। খবর পেয়ে পুলিশ কিরণ ও আজিজ নামে দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
গুরুতর আহত ফয়েজ উদ্দিনকে স্বজনরা সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
নিহতের বাবা জামাল উদ্দিন বলেন, তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং তিনি হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।
চাটখিল সার্কেলের সহকারী পুলিশ সুপার মনিষ দাস বলেন, পূর্ব বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনায় মামলা হয়েছে এবং দুইজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
১০৭ বার পড়া হয়েছে