ঘরে ঘরে প্রাথমিক চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা : স্বাস্থ্য মন্ত্রী
রবিবার, ১৪ জুন, ২০২৬ ৩:৫৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, সরকারের নতুন পাইলটিং স্কিমের আওতায় জনগণের দোরগোড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে রোগীদের প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করবেন এবং প্রয়োজন হলে তাদের হাসপাতালে পাঠানো হবে।
শনিবার (১৩ জুন) বিকেলে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ মিলনায়তনে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে মন্ত্রণালয়ের নিজস্ব তহবিল থেকে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, এই উদ্যোগের মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও সহজ ও জনবান্ধব করা হবে। তিনি দাবি করেন, বর্তমান সরকার দুর্নীতিমুক্তভাবে সেবা নিশ্চিত করতে কাজ করছে এবং সরকারি সুবিধা পেতে এখন আর ঘুষ দিতে হয় না।
তিনি আরও জানান, চীনের সহযোগিতায় ৩ হাজার শয্যার দুটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা রয়েছে, যেখানে শিশু ও নারীদের জন্য আলাদা চিকিৎসা সুবিধা থাকবে। পাশাপাশি চারটি ভাগে বিভক্ত করে আধুনিক চিকিৎসা সেবা দেওয়া হবে এবং গুরুতর রোগীদের জরুরি পরিবহনের জন্য হেলিকপ্টার সেবা চালুর পরিকল্পনাও রয়েছে।
আগামী পাঁচ মাসের মধ্যে পাঁচটি শিশু হাসপাতাল উদ্বোধনের প্রস্তুতির কথাও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে দরিদ্রদের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করা হয় এবং শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
১১৬ বার পড়া হয়েছে