রাজবাড়ীতে জিএপি পণ্যের বাজার সংযোগ উন্নয়নে অংশীজনদের মতবিনিময় সভা
রবিবার, ১৪ জুন, ২০২৬ ৪:৪২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নিরাপদ ও মানসম্মত কৃষিপণ্যের উৎপাদন এবং বাজার সম্প্রসারণের লক্ষ্যে রাজবাড়ীতে জিএপি (গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস) পণ্যের বাজার সংযোগ উন্নয়ন বিষয়ে একটি মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্মের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কৃষক, ব্যবসায়ী, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
জিএপি (গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস) পণ্যের বাজার সংযোগ জোরদার এবং নিরাপদ কৃষিপণ্যের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে রাজবাড়ীতে একটি মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্মের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার কৃষি বিপণন অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কৃষি বিপণন অধিদপ্তরের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক শামীম মিয়া। তিনি জিএপি পণ্যের নিরাপদ উৎপাদন, গুণগত মান বজায় রাখা, বাজার সম্প্রসারণ এবং কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
জেলা কৃষি বিপণন কর্মকর্তা নাঈম আহম্মেদ বলেন, নিরাপদ ও মানসম্মত কৃষিপণ্যের উৎপাদন বৃদ্ধি এবং বাজার ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে কৃষক, ব্যবসায়ী ও ভোক্তাদের মধ্যে কার্যকর সংযোগ স্থাপনে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি জিএপি পণ্যের বাজার সম্প্রসারণ এবং কৃষকদের সক্ষমতা বৃদ্ধিতে কৃষি বিপণন অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রমের কথাও তুলে ধরেন।
সভায় কালুখালী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত কৃষি কর্মকর্তা নাইমুর রহমানসহ ব্যবসায়ী প্রতিনিধি, কৃষক, উদ্যোক্তা, বিপণনসংশ্লিষ্ট অংশীজন এবং সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। বক্তারা নিরাপদ কৃষিপণ্যের উৎপাদন ও বিপণনে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
জানা গেছে, ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। বিশ্বব্যাংক ও আইএফএডির সহায়তায় পরিচালিত এই প্রকল্পের মাধ্যমে জিএপি পণ্যের বাজার সংযোগ শক্তিশালী করা এবং কৃষকদের আয় বৃদ্ধিতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
১২১ বার পড়া হয়েছে