সর্বশেষ

সারাদেশ

সিলেটের পাথর কোয়ারি পুনরায় চালু নিয়ে উচ্চপর্যায়ের সভা বৃহস্পতিবার

স্টাফ রিপোর্টার, সিলেট
স্টাফ রিপোর্টার, সিলেট

সোমবার, ৪ মে, ২০২৬ ২:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
দীর্ঘদিন বন্ধ থাকার পর সিলেট অঞ্চলের পাথর কোয়ারিগুলো পুনরায় চালুর বিষয়ে নড়েচড়ে বসেছে সরকার।

এ লক্ষ্যে আগামী বৃহস্পতিবার (৭ মে) কোয়ারিগুলোর বর্তমান অবস্থা পর্যালোচনা এবং করণীয় নির্ধারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-১১ মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ার স্বাক্ষরিত এক চিঠিতে এ সভার আহ্বান জানানো হয়েছে।

জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২০৮ নম্বর কক্ষে অনুষ্ঠিতব্য এ সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবদের পাশাপাশি বাণিজ্যমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদীর, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং সিলেট-৪ আসনের সংসদ সদস্য আরিফুল হক চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেটের বিভাগীয় কমিশনার এবং সিলেট ও সুনামগঞ্জের জেলা প্রশাসকদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে থাকায় তিনি ভার্চুয়ালি সভায় অংশ নেবেন।

উল্লেখ্য, পরিবেশ ও প্রতিবেশ সংকটাপন্ন এলাকা থেকে বালু ও পাথর উত্তোলনে উচ্চ আদালতের নিষেধাজ্ঞার কারণে সিলেট অঞ্চলের অধিকাংশ পাথর কোয়ারি দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। এর ফলে কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুরসহ সংশ্লিষ্ট এলাকার হাজার হাজার শ্রমিক, পরিবহন মালিক ও শ্রমজীবী মানুষ চরম অর্থনৈতিক সংকটে পড়েছেন।

এ পরিস্থিতিতে স্থানীয়দের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে পাথর ও বালু উত্তোলন পুনরায় চালুর দাবি জানানো হচ্ছে। এ দাবিতে বিভিন্ন সময় আন্দোলন-সংগ্রামও হয়েছে। তবে অন্তর্বর্তীকালীন সরকার কিংবা পূর্ববর্তী আওয়ামী লীগ সরকার এ বিষয়ে কার্যকর কোনো উদ্যোগ নেয়নি বলে অভিযোগ রয়েছে।

গত সংসদ নির্বাচনের সময় কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর অঞ্চলের মানুষের দুর্ভোগ লাঘবে বর্তমান প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, পরিবেশের ক্ষতি না করে সনাতন পদ্ধতিতে হলেও পাথর উত্তোলন চালুর ব্যাপারে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। তার এই আশ্বাসে কোয়ারি সংশ্লিষ্ট এলাকার সাধারণ মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার হয়।

এখন সরকারের এই উচ্চপর্যায়ের সভাকে ঘিরে পাথর কোয়ারি নির্ভর এলাকাগুলোতে নতুন করে প্রত্যাশা তৈরি হয়েছে। শ্রমিক ও ব্যবসায়ীরা আশা করছেন, পরিবেশের ভারসাম্য রক্ষা করে দ্রুত একটি বাস্তবসম্মত সিদ্ধান্ত আসবে।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন