লিমনের মরদেহ দেশে পৌঁছেছে, বৃষ্টির মরদেহ পাঠানোর প্রক্রিয়া চলমান
সোমবার, ৪ মে, ২০২৬ ৭:৩৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রের টাম্পা শহরে হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা-এর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ আজ (০৪ মে ২০২৬) বাংলাদেশ সময় সকাল ৮টা ৪০ মিনিটে দেশে পৌঁছেছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ বাংলাদেশ সরকারের পক্ষে মরদেহ গ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। পরে তিনি বিমানবন্দরে উপস্থিত নিহত লিমনের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেন। এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সার্বিক সহযোগিতা প্রদান করে।
মরদেহ গ্রহণ ও হস্তান্তরের সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত যোগাযোগ অব্যাহত রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, যুক্তরাষ্ট্র সরকার ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত সম্পন্ন করে দায়ীদের আইনের আওতায় আনবে।
সরকার নিহত দুই শিক্ষার্থীর পরিবারের পাশে রয়েছে উল্লেখ করে তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় তাদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।
উল্লেখ্য, গত ০২ মে ২০২৬ সন্ধ্যায় ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লিমনের মরদেহ বাংলাদেশে পাঠানো হয়। এর আগে, গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬) টাম্পার ইস্তাবা ইসলামিক সোসাইটি অব টাম্পা বে এরিয়া মসজিদে বাদ জোহর তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
অন্যদিকে, একই ঘটনায় নিহত অপর বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ শনাক্তের বিষয়টি গত ০১ মে ২০২৬ তারিখে হিলসবোরো কাউন্টির শেরিফ অফিস নিশ্চিত করে। এরপরই মায়ামিস্থ বাংলাদেশ কনস্যুলেট পরিবারের সম্মতি নিয়ে তার মরদেহ দেশে পাঠানোর উদ্যোগ নেয় এবং পিনালেস কাউন্টির মেডিক্যাল এক্সামিনারকে মরদেহ ফিউনারেল হোমের কাছে হস্তান্তরের জন্য অনুরোধ জানায়।
বর্তমানে বৃষ্টির মরদেহ ফিউনারেল হোমের তত্ত্বাবধানে রয়েছে এবং দেশে পাঠানোর প্রক্রিয়া চলমান। আগামী ০৬ মে ২০২৬ (বুধবার) স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরদিন ০৭ মে (বৃহস্পতিবার) তার মরদেহ বাংলাদেশে পাঠানোর জন্য ফ্লাইট বুকিংয়ের চেষ্টা চলছে।
এ বিষয়ে মায়ামিস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এবং ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাস সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে।
১০২ বার পড়া হয়েছে