বরিশালে টানা বৃষ্টি ও বজ্রপাতে বোরো ধানের ব্যাপক ক্ষতি, দুর্ভোগে কৃষক
বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬ ১২:১৫ অপরাহ্ন
শেয়ার করুন:
বরিশালে গত দুইদিন ধরে বজ্রসহ টানা ভারী বর্ষণ ও দমকা হাওয়া অব্যাহত রয়েছে। এর ফলে জেলার বিভিন্ন এলাকায় পাকা বোরো ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল থেকে শুরু হওয়া মুষলধারে বৃষ্টি ও ঘন ঘন বজ্রপাত পুরো এলাকাজুড়ে আতঙ্কের সৃষ্টি করে। বুধবার (২৯ এপ্রিল) দিনভরও একই পরিস্থিতি বিরাজ করে। বৈরী আবহাওয়ার কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া দিনমজুর, কৃষক ও শিক্ষার্থীরা।
খোঁজ নিয়ে জানা গেছে, গত এক সপ্তাহ ধরে বরিশাল জেলাজুড়ে বোরো ধান কাটা শুরু হয়েছে। তবে গত দুইদিনের ভারী বর্ষণে অনেক কৃষকের কাটা ধান জমিতে পানির নিচে তলিয়ে গেছে। পাশাপাশি ঘন ঘন বজ্রপাতের কারণে কৃষকেরা জমিতে যেতে সাহস পাচ্ছেন না, ফলে কাটা ধান ঘরে তোলা সম্ভব হচ্ছে না।
সূত্রমতে, ভারী বৃষ্টির কারণে বোরো ক্ষেতে পানি জমে গেছে। এর সঙ্গে দমকা হাওয়ায় জেলার অধিকাংশ উপজেলার পাকা ধান নুয়ে পড়েছে। ফলে পানির সঙ্গে মিশে ধান নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। কৃষকেরা জানিয়েছেন, বজ্রপাতের ভয়ে অনেকেই ঘরের বাইরে বের হচ্ছেন না।
জেলা কৃষি কর্মকর্তারা জানিয়েছেন, এই সময় অতিরিক্ত বৃষ্টি ফসলের জন্য মারাত্মক ক্ষতিকর। বিশেষ করে পাকা বোরো ধান ও সবজি ক্ষেতে পানি জমে থাকলে উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়তে পারে।
জানা গেছে, বরিশালের বাকেরগঞ্জ, বানারীপাড়া, উজিরপুর, মুলাদী, মেহেন্দীগঞ্জ, হিজলা, বাবুগঞ্জ, আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলায় টানা দুইদিনের ভারী বর্ষণে বিস্তীর্ণ এলাকার কয়েক হাজার হেক্টর জমির বোরো ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক কৃষক ধান কাটার পর জমিতেই রেখে দিয়েছিলেন, যা এখন পানির নিচে ডুবে আছে। শ্রমিক সংকট ও বৈরী আবহাওয়ার কারণে তারা তা ঘরে তুলতে পারছেন না। ফলে কৃষকদের চোখের সামনেই তাদের পরিশ্রম ও ঋণের টাকায় বোনা স্বপ্ন নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
এদিকে, টানা বর্ষণ ও দমকা হাওয়ার কারণে জেলার বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে পড়েছে, ফলে বিদ্যুৎ বিভ্রাটের ঘটনাও ঘটছে। এতে জনদুর্ভোগ আরও বেড়েছে।
ঘন ঘন বজ্রপাতের ঝুঁকি বিবেচনায় স্থানীয় প্রশাসন সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়া এবং নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
আবহাওয়া সংশ্লিষ্টরা জানিয়েছেন, আরও কয়েকদিন এমন বৈরী আবহাওয়া অব্যাহত থাকতে পারে। তাই সবাইকে প্রয়োজনীয় সতর্কতা মেনে চলার জন্য অনুরোধ করা হয়েছে।
১২১ বার পড়া হয়েছে