সর্বশেষ

খেলা

বৃষ্টির শঙ্কায় দ্বিতীয় টি ২০, তবু খেলতে প্রস্তুত বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬ ৬:৩৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
প্রথম টি ২০ ম্যাচের দিনও বৃষ্টির পূর্বাভাস ছিল। তবে আবহাওয়ার সেই আশঙ্কাকে ভুল প্রমাণ করে সেদিন ছিল রোদ ঝলমলে আকাশ। তাওহীদ হৃদয় ও শামীম হোসেন পাটোয়ারীর ব্যাটে ঝলমলে পারফরম্যান্সে রেকর্ড রান তাড়া করে জয় পায় বাংলাদেশ।

সেই স্মৃতি নিয়েই আজ বুধবার দ্বিতীয় টি ২০ ম্যাচে মাঠে নামার কথা লিটন কুমার দাসদের। তবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচটি আয়োজন নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

মঙ্গলবার টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরী প্রায় পানির নিচে চলে যায়। সমুদ্র তীরবর্তী সাগরিকা স্টেডিয়ামও ছিল বৃষ্টিতে ভেজা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সকাল থেকেই বন্দরনগরীতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা ৭০ থেকে ৯০ শতাংশ পর্যন্ত হতে পারে এবং বজ্রসহ বৃষ্টির আশঙ্কাও রয়েছে। পূর্বাভাস সত্যি হলে দ্বিতীয় টি২০ ম্যাচে বৃষ্টির প্রভাব পড়তে পারে। সে ক্ষেত্রে সিরিজ জয়ের জন্য লিটনদের অপেক্ষা বাড়তে পারে ২ মে ঢাকায় অনুষ্ঠেয় তৃতীয় ম্যাচ পর্যন্ত।

তবে সমুদ্রের কাছাকাছি হওয়ায় চট্টগ্রামের এই স্টেডিয়ামে বৃষ্টির প্রভাব তুলনামূলক কম থাকে। উন্নত পানি নিষ্কাশন ব্যবস্থার কারণে ভারী বৃষ্টির পরও এক থেকে দুই ঘণ্টার মধ্যে মাঠ খেলার উপযোগী করা সম্ভব। বাংলাদেশ দল আশাবাদী, বিকেলের দিকে আবহাওয়ার উন্নতি হবে এবং ম্যাচ মাঠে গড়াবে।

স্বাগতিকদের দ্রুত মাঠে নামতে চাওয়ার বড় কারণ হলো খেলোয়াড়দের ছন্দ ধরে রাখা। প্রথম ম্যাচে শুরুর ধাক্কা সামলে পারভেজ হোসেন ইমনদের সাহসী ব্যাটিংয়ে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নেয় বাংলাদেশ। লিটন কুমার দাস ১৫ বলে ২১ রান করে ইনিংসের ভিত গড়ে দেন। পরে পারভেজ হোসেন ইমন ২০০ স্ট্রাইকরেটে ১৪ বলে ২৮ রান করে দলকে এগিয়ে নেন। তার আগ্রাসী ব্যাটিং তাওহীদ হৃদয় ও শামীম হোসেনকে বড় শট খেলতে অনুপ্রাণিত করে। তাদের দৃঢ়তায় বাংলাদেশ ১৮ ওভারে ৬ উইকেটে ম্যাচ জিতে নেয়। একই ছন্দ ধরে রেখে সিরিজের বাকি ম্যাচগুলো খেলার পরিকল্পনা দলের।

গতকাল বৈরী আবহাওয়ার কারণে ক্রিকেটাররা বিশ্রামে ছিলেন এবং কেউ হোটেলের বাইরে যাননি। দলীয় সূত্রে জানা গেছে, কেউ কেউ জিম ও সুইমিংপুলে সময় কাটিয়েছেন। টিম মিটিংয়ে বোলার ও ব্যাটারদের দায়িত্ব নির্ধারণ করে দেওয়া হয়েছে। টিম ম্যানেজার নাফীস ইকবাল জানিয়েছেন, বৃষ্টির পূর্বাভাস থাকলেও নির্ধারিত সময়েই দল মাঠে যাবে এবং পরিস্থিতি অনুযায়ী ম্যাচ অফিসিয়ালদের নির্দেশনা অনুসরণ করবে।

নিউজিল্যান্ড দলের লিয়াজোঁ কর্মকর্তা সায়েম জানান, সিরিজ নির্ধারণী দ্বিতীয় ম্যাচের জন্য ছুটির দিনেও কিউইরা প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। আবহাওয়া অনুকূলে না থাকলে একাদশ নিয়ে নতুন করে ভাবতে হতে পারে উভয় দলের ম্যানেজমেন্টকে।

বাংলাদেশের ব্যাটিং লাইনআপে আছেন সাইফ হাসান, তানজিদ হাসান তামিম ও লিটন কুমার দাস। মিডল অর্ডারে পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয় ও শামীম হোসেন আক্রমণাত্মক ব্যাটিং করতে সক্ষম। বোলিংয়ে পূর্ণ শক্তির দলে প্রথম ম্যাচেই ভালো পারফরম্যান্স করেছেন পেসার রিপন মণ্ডল। নিয়ন্ত্রিত বোলিংয়ে নজর কাড়ায় টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকরা তাকে টানা তিন ম্যাচেই খেলানোর সিদ্ধান্ত নিয়েছেন। ফলে বোলিং লাইনআপ অপরিবর্তিত থাকার সম্ভাবনাই বেশি।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন