ইউএনও কার্যালয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে
মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬ ৩:৫৪ অপরাহ্ন
শেয়ার করুন:
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের ভেতরে এক সাংবাদিকের ওপর হামলা ও মারধরের অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকের বিরুদ্ধে।
অভিযোগে জানা গেছে, মঙ্গলবার বিকেলে দৈনিক কালবেলা পত্রিকার ক্ষেতলাল প্রতিনিধি আমানুল্লাহ আমান ইউএনও কার্যালয়ে অবস্থান করছিলেন। ওই সময় হঠাৎ করে আবু বক্কর সিদ্দিকের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল সেখানে প্রবেশ করে তার ওপর হামলা চালায় বলে দাবি করেন ভুক্তভোগী সাংবাদিক।
সাংবাদিক আমানুল্লাহ আমান অভিযোগ করে বলেন, সরকারি পুকুর ইজারা ও মাটি-বালু বিক্রির বিষয়ে সংবাদ প্রকাশের জেরে ক্ষুব্ধ হয়ে তাকে মারধর করা হয়। পরে তাকে অকথ্য ভাষায় গালাগালও করা হয় বলে তিনি দাবি করেন। ঘটনার সময় ইউএনও পাশের কক্ষে চলে যান বলেও তিনি জানান। পরে হামলাকারীরা ইউএনও কার্যালয় থেকে বের হয়ে বাজার এলাকাতেও তাকে মারধর করে বলে অভিযোগ রয়েছে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক বলেন, সাংবাদিকের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ রয়েছে এবং ঘটনাটি মূলত উত্তেজনার কারণে সামান্য ধাক্কাধাক্কির পর্যায়ে সীমিত ছিল। তাকে মারধরের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলেও দাবি করেন তিনি।
এ বিষয়ে জানতে ইউএনও সানজিদা চৌধুরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কোনো মন্তব্য করেননি।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তাদুল আলম জানান, ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
১১৬ বার পড়া হয়েছে