আলফাডাঙ্গায় ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক রাজুর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬ ৪:১৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুরের আলফাডাঙ্গা পৌর এলাকায় আরমানুজ্জামান রাজু (৩৩) নামে এক ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
সোমবার (২৭ এপ্রিল) দিবাগত রাতে পৌরসদরের ৭ নম্বর ওয়ার্ডে নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রাজু আলফাডাঙ্গা অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
স্থানীয়দের বরাতে জানা যায়, সোমবার সন্ধ্যা পৌনে ৮টা থেকে সোয়া ৮টার মধ্যে যেকোনো সময় তিনি নিজের শয়নকক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস নেন। পরে রাত সোয়া ৮টার দিকে তার মামা নুরুল ইসলাম দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে জানালার ফাঁক দিয়ে তাকালে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
পরে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে তাকে উদ্ধার করে দ্রুত আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে আলফাডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
১৭১ বার পড়া হয়েছে