মাদকবিরোধী পোস্টের জেরে সাংবাদিকের বাড়িতে হামলার অভিযোগ
মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬ ১:৫১ অপরাহ্ন
শেয়ার করুন:
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যমে মাদকবিরোধী পোস্ট দেওয়ার জেরে এক সাংবাদিকের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছে শিবালয় থানা পুলিশ।
জানা গেছে, উপজেলার তেওতা এলাকায় সাম্প্রতিক সময়ে মাদকসেবী ও কারবারিদের আনাগোনা বেড়ে গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে কয়েকজন ইতোমধ্যে আটকও হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, মাদক ব্যবসায়ীরা স্কুল-কলেজ পড়ুয়া উঠতি বয়সী শিক্ষার্থীদের টার্গেট করে কৌশলে তাদের কাছে ইয়াবা ও গাঁজা বিক্রি করছে।
মাদকের এই ভয়াবহতা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি সচেতনতামূলক পোস্ট করেন দৈনিক কালের কণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি মারুফ হোসেন। অভিযোগ রয়েছে, ওই পোস্টের জেরে সোমবার (২৭ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে মাদক কারবারি আল-আমীন তার বাড়িতে প্রবেশের চেষ্টা করে এবং নিরাপত্তা গেট ভাঙার চেষ্টা চালায়। তবে আশপাশের লোকজন দেখে ফেললে সে দ্রুত সরে পড়ে।
স্থানীয়দের মতে, অভিযুক্ত আল-আমীন একাধিকবার মাদকসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছিল এবং বর্তমানে তিনি জামিনে রয়েছেন।
সাংবাদিক মারুফ হোসেন বলেন, “তেওতা কবরস্থানসহ আশপাশের এলাকায় মাদকের বিস্তার দেখে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি সচেতনতামূলক পোস্ট দিই। পোস্টে কারো নাম উল্লেখ না থাকলেও চক্রের সঙ্গে জড়িতরা বিষয়টি নিজেদের সঙ্গে সম্পৃক্ত মনে করে। এরই ধারাবাহিকতায় রাতের আঁধারে আমার বাড়ির গেট ভাঙার চেষ্টা করা হয়। বর্তমানে আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। তবে ঘটনাটি জানার পরপরই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।”
এ বিষয়ে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, “ঘটনার খবর পেয়ে আমি দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
১২০ বার পড়া হয়েছে