ফরিদপুরে শ্রীধাম শ্রী অঙ্গন পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার
মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬ ৪:১৯ অপরাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় অবস্থিত শ্রীধাম শ্রী অঙ্গন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠী বিষয়ক) বিজন কান্তি সরকার।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে তিনি শ্রী অঙ্গনে পৌঁছালে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মহানাম সম্প্রদায়ের সভাপতি শ্রীমৎ কান্তি বন্ধু ব্রহ্মচারী, সাধারণ সম্পাদক শ্রীমৎ মৃগাঙ্ক শেখর ব্রহ্মচারী, শ্রী অঙ্গনের সাধারণ সম্পাদক ড. নিকুঞ্জ বন্ধু ব্রহ্মচারী, সাবেক সাধারণ সম্পাদক বন্ধু প্রীতম ব্রহ্মচারী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়া, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক অজয় কর, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক নিতাই রায়সহ শ্রীধাম শ্রী অঙ্গনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় বিজন কান্তি সরকার বলেন, “ফরিদপুরের শ্রী অঙ্গনে দীর্ঘদিন ধরে ধর্মীয় অনুষ্ঠান হয়ে আসছে, যেখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ অংশগ্রহণ করে আসছেন। বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, যেখানে সবাই নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করছে।”
তিনি আরও বলেন, “সব ধর্ম-বর্ণের মানুষের সহযোগিতায় বিএনপি সরকার ক্ষমতায় এসেছে। তাই সকল সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।”
পরিদর্শন শেষে তিনি শ্রী অঙ্গনের বিভিন্ন স্থান ঘুরে দেখেন এবং পরে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করেন। এ সময় বিপুল সংখ্যক ভক্ত ও স্থানীয় ধর্মীয় অনুসারীরা উপস্থিত ছিলেন।
১২৩ বার পড়া হয়েছে