বগুড়ার জামিলনগরে খেজুর গুদাম আগুনে পুড়ে ছাই, ক্ষতি ৫০ লাখ টাকা
মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬ ১২:৫৪ অপরাহ্ন
শেয়ার করুন:
বগুড়া শহরের জামিলনগরের সাবা হাউজিং এলাকায় অগ্নিকাণ্ডে একটি খেজুর গুদাম পুড়ে গেছে। মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে হাউজিং এলাকার ভেতর থেকে কালো ধোঁয়া উঠতে দেখে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে তারা দেখতে পান, ‘সায়েম ট্রেডার্স’ নামে একটি প্রতিষ্ঠানের খেজুর গুদামে আগুন লেগেছে। স্থানীয়রা প্রথমে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে ততক্ষণে গুদামে থাকা বিপুল পরিমাণ খেজুর, দুটি রিপ্যাকেটিং মেশিন, একটি কাভার্ড ভ্যান এবং একটি ব্যক্তিগত গাড়ি পুড়ে যায়। গুদাম মালিক আব্দুল মান্নানের ছেলে ডা. আব্দুর রব রায়হান জানান, আগুনে কয়েক লাখ টাকার খেজুরসহ দুটি মেশিন সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এছাড়া একটি ব্যক্তিগত গাড়ির অর্ধেক অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে মোট প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার শহিদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। দুটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে, বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জানমালের নিরাপত্তা নিশ্চিত করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
১১৯ বার পড়া হয়েছে