মুন্সীগঞ্জে ৮ ডায়াগনস্টিক সেন্টারে জেলা প্রশাসনের অভিযান, অনিয়মে জরিমানা
শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬ ৪:২৪ অপরাহ্ন
শেয়ার করুন:
২৫ এপ্রিল মুন্সীগঞ্জ জেলার সদর হাসপাতাল সংলগ্ন বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী মহোদয়ের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে মেডিস্টার, রেনেসা, সিটি ডায়াগনস্টিক, নিউ স্কয়ারসহ মোট ৮টি ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করা হয়। এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স, পরিবেশ ছাড়পত্র, ট্রেড লাইসেন্স এবং ফায়ার সার্ভিস লাইসেন্স রয়েছে কি না তা যাচাই করা হয়।
এছাড়া ল্যাবে কর্মরত টেকনিশিয়ান এবং এক্স-রে মেশিন পরিচালনায় নিয়োজিত জনবলের যোগ্যতা ও লাইসেন্সও পরীক্ষা করা হয়। পাশাপাশি পরীক্ষার কাজে ব্যবহৃত বিভিন্ন রিএজেন্টের মেয়াদ আছে কি না তাও খতিয়ে দেখা হয়।
পরিদর্শনে নিউ স্কয়ার ডায়াগনস্টিক সেন্টারে রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার ছাড়া ল্যাব ও এক্স-রে কার্যক্রম পরিচালনার প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ১৯৮২ সালের মেডিকেল প্র্যাকটিস ও বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের এ ধরনের অভিযান জনস্বাস্থ্য সুরক্ষা ও বেসরকারি স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা নিশ্চিত করতে নিয়মিতভাবে চলবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
১২৩ বার পড়া হয়েছে