ফরিদপুরে হামের বিস্তার অব্যাহত: আক্রান্ত ৫১৪, মৃত্যু ৬
শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬ ২:৫৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুর জেলায় হামের প্রাদুর্ভাব এখনও উদ্বেগজনক অবস্থায় রয়েছে। সর্বশেষ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৩ জন রোগী শনাক্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ের মধ্যে কোনো নতুন মৃত্যুর ঘটনা ঘটেনি।
জেলা সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান জানিয়েছেন, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৩ এপ্রিল পর্যন্ত জেলায় মোট ৫১৪ জন হামে আক্রান্ত হয়েছেন। এ সময়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬ জনে।
জেলার বিভিন্ন উপজেলায় আক্রান্তের তথ্য অনুযায়ী—আলফাডাঙ্গায় ১০ জন, বোয়ালমারীতে ১২ জন, ভাঙ্গায় ৮ জন, চরভদ্রাসনে ৪ জন, নগরকান্দায় ২ জন, মধুখালীতে ৩ জন, সদরপুরে ৭ জন এবং ফরিদপুর সদর উপজেলায় ২০ জন রোগী শনাক্ত হয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর জেনারেল হাসপাতালে ১০ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ২৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে দুই হাসপাতালে মোট ৭৫ জন রোগী চিকিৎসাধীন আছেন। একই সময়ে ৩০ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
স্বাস্থ্য বিভাগ হামের সংক্রমণ নিয়ন্ত্রণে টিকাদান কর্মসূচিতে শিশুদের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি জ্বর, ফুসকুড়ি বা এ ধরনের উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করতে অভিভাবকদের পরামর্শ দেওয়া হয়েছে।
১২১ বার পড়া হয়েছে