মোংলায় ওসি অপসারণের দাবিতে বিএনপি ও মহিলা দলের বিক্ষোভ, গ্রেফতার নিয়ে উত্তেজনা
শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬ ৩:০৪ অপরাহ্ন
শেয়ার করুন:
মোংলার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমানের অপসারণ ও গ্রেফতার হওয়া এক নারী নেত্রীর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠন মোংলা পৌর মহিলা দলসহ স্থানীয় নেতাকর্মীরা।
শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় মোংলা শহরে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। মিছিলটি পৌর চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পৌরসভার সামনে এসে পথসভায় রূপ নেয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, শুক্রবার (২৪ এপ্রিল) রাতে টাকা চুরির একটি ঘটনাকে কেন্দ্র করে ১০ বছরের এক শিশু ইসমাইল ও তার বাবা লাল মিয়াকে পুলিশ থানায় নিয়ে যায়। পরে বিষয়টি জানতে গিয়ে মোংলা পৌর মহিলা দলের সহ-সভানেত্রী জাহানারা আক্তার জানু থানায় যান। সেখানে ওসির সঙ্গে তার কথা কাটাকাটির একপর্যায়ে তাকে গ্রেফতার করা হয় বলে অভিযোগ করেন তারা।
পরবর্তীতে শনিবার তাকে আরও দু’জনসহ বাগেরহাট আদালতে পাঠানো হয়। এ ঘটনায় স্থানীয় বিএনপি ও মহিলা দলের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং তারা ওসির অপসারণ দাবি করেন।
বক্তারা আরও বলেন, একজন নারী রাজনৈতিক নেত্রীকে এভাবে গ্রেফতার করা অন্যায় ও অগ্রহণযোগ্য। অবিলম্বে জাহানারা আক্তার জানুর নিঃশর্ত মুক্তি না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
এদিকে মোংলা থানা পুলিশ জানায়, ৯৮ হাজার টাকা চুরির ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে আটক ব্যক্তিদের কাছ থেকে ৬২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে এবং তাদের আইনি প্রক্রিয়া অনুসরণ করেই আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারের ঘটনায় ওসির সঙ্গে অসদাচরণের বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
২৭৭ বার পড়া হয়েছে