সর্বশেষ

সারাদেশ

দেবীগঞ্জে তেল বিতরণে শৃঙ্খলা ফেরাতে ইউএনও'র ওপর হামলা, বডিগার্ড আহত

কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়
কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়

শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬ ২:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় জ্বালানি তেল বিতরণে শৃঙ্খলা ফেরাতে গিয়ে হামলার শিকার হয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সবুজ কুমার বসাক।

শনিবার দুপুরে দেবীগঞ্জের ভাউলাগঞ্জ ইউনিয়নের মেসার্স জান্নাতুল মাওয়া ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

ঘটনার সময় উত্তেজিত জনতা ইউএনওর দেহরক্ষী তৈবুল (৪৩)-এর ওপর হামলা চালায় এবং তার সরকারি অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করে। এতে তিনি আহত হন। বর্তমানে তিনি দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

জানা যায়, ওই দিন দুপুরে ফিলিং স্টেশনে জ্বালানি তেল সংগ্রহের জন্য মোটরসাইকেল চালকদের দীর্ঘ লাইন তৈরি হয়। ফিলিং স্টেশন কর্তৃপক্ষের দাবি, লাইনে থাকা অধিকাংশ চালকের কাছে সরকারি নির্দেশনা অনুযায়ী ফুয়েল কার্ড, গাড়ির রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স ছিল না। ফলে বৈধ কাগজপত্র থাকা চালকরাও তেল পাচ্ছিলেন না এবং সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে কর্তৃপক্ষ বিষয়টি ইউএনওকে জানালে তিনি দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছান।

ইউএনও ঘটনাস্থলে গিয়ে ঘোষণা দেন, যাদের ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র নেই তারা যেন লাইন ত্যাগ করেন। এ সময় কাগজপত্র না থাকায় দুইজন চালককে ৫০০ টাকা করে জরিমানা করা হয়। জরিমানা করার পরপরই হঠাৎ শতাধিক লোকের একটি মিছিল এসে ইউএনও ও তার সঙ্গে থাকা ব্যক্তিদের ওপর অতর্কিত হামলা চালায়।

হামলাকারীরা দায়িত্বে থাকা বডিগার্ডের ওপর চড়াও হয়ে তার সরকারি অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করে। ধস্তাধস্তির এক পর্যায়ে তিনি আহত হন। পরিস্থিতি আরও উত্তপ্ত হলে ইউএনও স্থানীয়দের সহায়তায় আত্মরক্ষার্থে পাশের মুমিনুল ইসলাম নামের এক ব্যক্তির বাড়িতে আশ্রয় নেন। পরে দেবীগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে নিরাপদে উপজেলা পরিষদে নিয়ে যায়।

এ বিষয়ে ইউএনও সবুজ কুমার বসাক বলেন, “আজ উপজেলায় তিনটি পাম্পে তেল বিতরণের কথা ছিল। ওই পাম্পে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির খবর পেয়ে আমি সেখানে যাই। লাইনে থাকা কাগজপত্রবিহীন মোটরসাইকেল চালকদের সরে যেতে বলি এবং দুইজনকে জরিমানা করি। এরপরই শতাধিক লোক মিছিল নিয়ে এসে আমাদের ওপর হামলা চালায়। তারা আমার বডিগার্ডের অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করে। বর্তমানে আমার বডিগার্ড দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।”

দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালেক জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনার সময় দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এটি সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনা হওয়ায় বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

১৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন