চাঁদপুরে জাটকা সংরক্ষণে জেলেদের জন্য নতুন খাদ্য সহায়তা কর্মসূচি
শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬ ২:০৮ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁদপুরে জাটকা সংরক্ষণে মার্চ-এপ্রিল দুই মাসের নিষেধাজ্ঞাকালে জাটকা ধরা থেকে বিরত থাকা জেলেদের জন্য বিগত বছরগুলোতে ৪ মাসে প্রতি মাসে ৪০ কেজি করে মোট ১৬০ কেজি চাল খাদ্য সহায়তা (বিজিএফ) হিসেবে দিয়ে আসছে সরকার।
তবে এবার চাঁদপুরে চালের পাশাপাশি জাটকা প্রবণ এলাকাগুলোতে প্রায় সাড়ে ৮ হাজার জেলের জন্য বিশেষ খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক।
তিনি জানান, জেলার ৭০ কিলোমিটার অভয়াশ্রম এলাকায় প্রায় অর্ধলক্ষাধিক নিবন্ধিত জেলে রয়েছে। এর মধ্যে চলতি বছরে জাটকা সংরক্ষণ কর্মসূচি বাস্তবায়নের জন্য ৪ মাসে প্রতি মাসে ৪০ কেজি করে মোট ১৬০ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়েছে ৩৯ হাজার ৪০০ জেলের জন্য। ইতোমধ্যে প্রথম দুই মাসের চাল বিতরণ সম্পন্ন হয়েছে এবং দ্বিতীয় কিস্তিতে সদর উপজেলায় বিতরণ শুরু হয়েছে।
এছাড়া পদ্মা-মেঘনার জাটকা প্রবণ এলাকাগুলোর জন্য ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় সাড়ে ৮ হাজার জেলের জন্য এবার চালের পাশাপাশি অতিরিক্ত খাদ্য সহায়তা বরাদ্দ দেওয়া হয়েছে। এপ্রিল মাসের মধ্যেই এসব সহায়তা জেলেদের হাতে পৌঁছে দেওয়া হবে।
এই বিশেষ খাদ্য সহায়তার মধ্যে রয়েছে— ১০ লিটার সয়াবিন তেল, ১২ কেজি আটা, ১৬ কেজি আলু, ৪ কেজি চিনি, ৪ কেজি লবণ এবং ৮ কেজি মসুর ডাল।
চাঁদপুরের পদ্মা-মেঘনা উপকূলীয় এলাকার জেলেরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছিলেন যে, মাসে ৪০ কেজি চাল দিয়ে সংসার চালানো কঠিন। বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার জাটকা ধরা থেকে বিরত থাকা প্রকৃত জেলেদের জন্য এবার এই বিশেষ খাদ্য সহায়তা প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে।
১২১ বার পড়া হয়েছে