নড়াইলে রেড ক্রিসেন্ট নির্বাচনে প্রথমবার ব্যালট ভোট, উৎসবমুখর পরিবেশ
শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬ ৩:৩৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নড়াইল জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। স্বাধীনতার পর এই প্রথমবারের মতো ভোটাররা সরাসরি ব্যালটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করার সুযোগ পাচ্ছেন। এতদিন বিভিন্ন সময়ে কার্যনির্বাহী কমিটি গঠিত হলেও তা হয়েছে রাজনৈতিক প্রভাবের মাধ্যমে, ফলে ভোটাধিকার প্রয়োগের সুযোগ থেকে বঞ্চিত ছিলেন ভোটাররা।
ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৫ এপ্রিল সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সদর উপজেলা পরিষদ হলরুমে একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে বিএনপি ও জামায়াতে ইসলামীর দুটি পৃথক প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এছাড়া একজন স্বতন্ত্র প্রার্থীও সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।
নির্বাচনে সহ-সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন এবং ৫টি সদস্য পদের বিপরীতে মোট ১১ জন প্রার্থী লড়ছেন। বিএনপি সমর্থিত প্যানেলে সহ-সভাপতি পদে মো. জাহিদুর রহমান মিলন এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ জাপল প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই প্যানেলের সদস্য প্রার্থীরা হলেন মধুমিতা সুলতানা, আরমান আলী খান, খন্দকার কিয়ামুল হাসান কিয়াম, তানজির হোসেন ও আহসান হাবীব মোল্যা।
অন্যদিকে জামায়াতে ইসলামী সমর্থিত প্যানেলে সহ-সভাপতি পদে মো. জাকির হোসেন বিশ্বাস, সাধারণ সম্পাদক পদে মো. আলমগীর হোসাইন এবং সদস্য পদে সানাউল্লাহ, মো. রুহুল আমিন, আহসান হাবীব, মো. ইসহাক মিয়া ও শরিফুল ইসলাম বেগ প্রতিদ্বন্দ্বিতা করছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে এস.এম আমিনুল হাসান মিঠুও সদস্য পদে লড়ছেন।
প্রার্থীরা সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে প্রচারণা চালাচ্ছেন। নির্বাচিত হলে মানবিক কার্যক্রমের পাশাপাশি সরকারি বরাদ্দ সঠিকভাবে বণ্টনের প্রতিশ্রুতি দিচ্ছেন তারা।
এদিকে দীর্ঘদিন পর ব্যালটে ভোট অনুষ্ঠিত হওয়ায় ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। ১ হাজার ১৩৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে আশা করা হচ্ছে।
নির্বাচন কমিশনার মো. মনিরুজ্জামান মল্লিক জানিয়েছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, ভোটারদের ভোটে নির্বাচিত প্রতিনিধি আগামী দিনে দায়িত্বশীলভাবে সংগঠন পরিচালনা করবেন।
১১৮ বার পড়া হয়েছে