ফরিদপুরে ৮৭ কোটি টাকার প্রকল্প দ্রুত শেষের পথে
শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬ ৩:০২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুর শহরের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চলমান টেপাখোলা লেক উন্নয়ন প্রকল্পের কাজ ইতোমধ্যে প্রায় ৬০ শতাংশ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বুধবার (২২ এপ্রিল) বিকেলে ফরিদপুর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক মো. আফজাল হোসেন খান পলাশ, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ ও প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তারা প্রকল্পের বর্তমান অগ্রগতি সম্পর্কে এ তথ্য জানান।
জেলা পরিষদের প্রশাসক জানান, ২০২৪ সালে আগের সরকারের সময় প্রকল্পটির জন্য ২২০ কোটি টাকার অনুমোদন দেওয়া হলেও পরবর্তীতে তা কমিয়ে ৮৭ কোটি টাকায় নির্ধারণ করা হয়। পাঁচটি পৃথক প্যাকেজে প্রকল্পের কাজ চলমান রয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করতে সংশ্লিষ্ট ঠিকাদারদের নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, প্রকল্পটি সম্পূর্ণ হলে এটি ফরিদপুরসহ দক্ষিণাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থানে পরিণত হবে এবং এখান থেকে সরকারের উল্লেখযোগ্য রাজস্ব আয় সম্ভব হবে। তবে প্রকল্পের মূল পরিকল্পনা অনুযায়ী বরাদ্দ বাড়ানো গেলে কাজটি আরও পরিপূর্ণতা পেত বলে তিনি মন্তব্য করেন।
পরিদর্শনকালে প্রকল্পের টিম লিডার সাজ্জাদ হোসেন, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আজহারুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. বাকাহীদ হোসেন, সিনিয়র সহকারী প্রকৌশলী লিয়াকত হোসেন এবং সদর উপজেলা প্রকৌশলী মো. দেলোয়ার হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১২১ বার পড়া হয়েছে