কাপ্তাই হ্রদে তিন মাস মাছ আহরণ বন্ধ, জেলে পরিবারে খাদ্য সহায়তা কার্যক্রম শুরু
শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬ ৬:১৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কাপ্তাই হ্রদে মাছের প্রাকৃতিক প্রজনন, বংশবৃদ্ধি এবং মৎস্য সম্পদের ভারসাম্য রক্ষায় তিন মাসের জন্য সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। আজ শুক্রবার থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে, যা চলবে আগামী ৩১ জুলাই পর্যন্ত।
হ্রদ ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবছরের মতো এবারও কার্প জাতীয় মাছের ডিম ছাড়ার মৌসুমে এই সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এর উদ্দেশ্য হলো হ্রদে অবমুক্ত পোনা মাছের সঠিক বৃদ্ধি নিশ্চিত করা এবং প্রাকৃতিকভাবে মাছের উৎপাদন বাড়ানো।
বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) রাঙামাটি অঞ্চলের সূত্রে জানা গেছে, এই সময়কে কেন্দ্র করে হ্রদের পরিবেশকে মাছ উৎপাদনের জন্য আরও অনুকূল করে তোলা হয়। কাপ্তাই হ্রদকে দেশের অন্যতম কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়।
এ সময় মাছ শিকার বন্ধ রাখতে হ্রদজুড়ে বিশেষ নজরদারির ব্যবস্থা নেওয়া হয়েছে। নৌ-পুলিশ ও বিএফডিসির যৌথ উদ্যোগে নিয়মিত টহল পরিচালিত হবে। পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে অস্থায়ী চেকপোস্ট বসানো হবে এবং ভ্রাম্যমাণ আদালতের অভিযানও চলমান থাকবে। নিষেধাজ্ঞা অমান্য করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
এদিকে নিষেধাজ্ঞার কারণে ক্ষতিগ্রস্ত জেলে পরিবারগুলোর জন্য মানবিক সহায়তা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। বিএফডিসির ব্যবস্থাপনায় মোট ২৬ হাজার ৮৪৫টি জেলে পরিবারকে দুই মাসে জনপ্রতি ৪০ কেজি করে মোট ১ হাজার ৭৩ মেট্রিক টন চাল বিতরণ করা হবে। আগামী ২ মে থেকে এই খাদ্য সহায়তা কার্যক্রম শুরু হবে, একই দিনে হ্রদে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হবে।
১২০ বার পড়া হয়েছে