গোয়েন্দা পুলিশ সেজে ডাকাতির চেষ্টা, কোটালীপাড়ায় দুইজন গণধোলাইয়ে আটক
শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬ ৪:৩৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জের কোটালীপাড়ায় গোয়েন্দা পুলিশের ছদ্মবেশে ডাকাতির চেষ্টা ব্যর্থ হয়েছে। স্থানীয়দের প্রতিরোধের মুখে দুই ডাকাতকে আটক করে গণধোলাই দেওয়ার পর পুলিশে হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে উপজেলার সিকির বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি সংঘবদ্ধ ডাকাত দল মাইক্রোবাসে করে সিকির বাজার এলাকায় অবস্থান নেয়। তারা গোয়েন্দা পুলিশের পোশাক ব্যবহার করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। ওই সময় স্বর্ণ ব্যবসায়ী দুই ভাই—শিব শংকর কর্মকার ও কৃষ্ণ কর্মকার দোকান বন্ধ করে স্বর্ণালংকারসহ বাড়ি ফিরছিলেন।
পথিমধ্যে অস্ত্রের মুখে তাদের জিম্মি করে ডাকাতরা মাইক্রোবাসে তুলে নেয়। পরে ছোট ভাই কৃষ্ণ কর্মকারকে মারধর করে সিকির বাজার এলাকায় ফেলে রেখে বড় ভাই শিব শংকর কর্মকারকে স্বর্ণালংকারসহ অপহরণ করে নিয়ে যায়।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা দ্রুত সংগঠিত হয়ে প্রতিরোধ গড়ে তোলে। তারা বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে ডাকাতদের গাড়ি থামানোর চেষ্টা করে। পরে ডাকাতরা পালাতে গিয়ে আগৈলঝাড়া অভিমুখে রওনা দিলে সেখানেও রিকশা-ভ্যান দিয়ে বাধা সৃষ্টি করে এলাকাবাসী।
একপর্যায়ে দুই ডাকাতকে আটক করে গণপিটুনি দেওয়া হয় এবং অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করা হয়। তবে আরও পাঁচজন ডাকাত স্বর্ণালংকারসহ একটি মাইক্রোবাস ফেলে পালিয়ে যেতে সক্ষম হয়।
খবর পেয়ে কোটালীপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত দুই ডাকাত ও উদ্ধার হওয়া দুই ব্যবসায়ীকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানান, আটক দুই ডাকাতের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
১২০ বার পড়া হয়েছে