জাটকা রক্ষা অভিযানে যাওয়ার পথে হামলা, মৎস্য অধিদপ্তরের ৩ কর্মচারী আহত
শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬ ৩:২০ অপরাহ্ন
শেয়ার করুন:
বরিশালের মেহেন্দীগঞ্জে জাটকা সংরক্ষণ অভিযানে যোগ দিতে যাওয়ার পথে মৎস্য অধিদপ্তরের তিন কর্মচারীর ওপর হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার পুরাতন স্টিমারঘাট সংলগ্ন বালুমহাল স্টেডিয়াম এলাকায় এ হামলা হয়।
হামলায় আহতরা হলেন মেহেন্দীগঞ্জ মৎস্য অধিদপ্তরের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট নাজিম উদ্দিন, মো. শামীম ও সিয়াম হোসেন। স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হামলাকারীরা অভিযানিক দলের একটি মোটরসাইকেল ভাঙচুর করে বলেও জানা গেছে।
আহত নাজিম উদ্দিন জানান, রাতে স্পিডবোটে নদীতে জাটকা বিরোধী অভিযান পরিচালনার জন্য তারা স্টিমারঘাট এলাকায় অবস্থানরত দলের সঙ্গে যোগ দিতে যাচ্ছিলেন। পথে বালুমহাল স্টেডিয়াম এলাকায় পৌঁছালে তাদের মোটরসাইকেলে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। পরে মোটরসাইকেল থামিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ২০ থেকে ২৫ জনের একটি দল তাদের ওপর অতর্কিত হামলা চালায়।
তিনি আরও অভিযোগ করেন, স্থানীয় কয়েকজন চিহ্নিত ব্যক্তির নির্দেশে মোহাম্মদ হোসেন গাজী, আলমগীর সরদার ও জহির মাতুব্বরসহ তাদের সহযোগীরা এ হামলায় অংশ নেয়।
মেহেন্দীগঞ্জ থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিন উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এদিকে অভিযুক্ত মোহাম্মদ হোসেন গাজীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি।
১৬৬ বার পড়া হয়েছে