রাজশাহীতে আদিব হত্যা: আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬ ১০:১৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজশাহীর পবা উপজেলার ১১ বছর বয়সী শিশু আদিব আহনাব হত্যা মামলার প্রকৃত আসামিদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) বেলা ১১টায় নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে পবার বিলধরমপুর ও কর্ণহার এলাকার নাগরিকদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে নিহত শিশুর বাবা মুস্তাফিজুর রহমান রানা বলেন, গত ১ মার্চ তারাবির নামাজ আদায় করতে গিয়ে আদিব নিখোঁজ হয়। পরদিন বাড়ির পাশের একটি ঘাসখেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি অভিযোগ করেন, পরিকল্পিত এই হত্যাকাণ্ডের প্রায় দুই মাস পার হলেও এখনো পর্যন্ত পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। বরং মাদকসহ অন্যান্য অপরাধ দমনের অজুহাতে তদন্তে গাফিলতি করা হচ্ছে বলে হতাশা প্রকাশ করেন তিনি।
দীর্ঘ সময়েও হত্যার রহস্য উদঘাটন না হওয়ায় মানববন্ধনে অংশগ্রহণকারী এলাকাবাসী তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তাদের মতে, একটি নিষ্পাপ শিশুর এমন নির্মম হত্যাকাণ্ডের পরও তদন্তে ধীরগতি জনমনে উদ্বেগ সৃষ্টি করছে। তারা দ্রুত তদন্ত জোরদার করে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
মানববন্ধনে নিহত শিশুর মামা মুকসেদ আলী, সচেতন রাজশাহীবাসী রুবেল হোসেন এবং স্থানীয় বাসিন্দা আলী, শাকিল, কামরুজ্জামান, রাশেদুল ও তুহিনসহ পবার বিলধরমপুর এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
১৫১ বার পড়া হয়েছে