নেত্রকোনায় ব্যবসায়ী হত্যা মামলায় রতন মিয়ার ফাঁসির আদেশ
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল, ২০২৬ ১:৩১ অপরাহ্ন
শেয়ার করুন:
নেত্রকোনা জেলা শহরের সাতপাই রেলক্রসিং এলাকায় কসমেটিক ব্যবসায়ী বাবুল মিয়া ওরফে শাহীন (৪০) হত্যা মামলায় একমাত্র আসামি মোঃ রতন মিয়া (৫৬)-কে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডেও দণ্ডিত করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে নেত্রকোনা জেলা ও দায়রা জজ মোছাঃ মরিয়ম-মুন-মঞ্জুরী জনাকীর্ণ আদালতে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণে জানা যায়, বাবুল মিয়া নেত্রকোনা শহরের সাতপাই রেলক্রসিং এলাকায় বাসা ভাড়া নিয়ে কসমেটিক ব্যবসা করতেন। তার স্ত্রী সেলিনা আক্তার ঢাকায় বসবাস করতেন এবং তাদের একমাত্র ছেলে বাড়িতে থেকে পড়াশোনা করত। এদিকে, বাবুল মিয়ার সঙ্গে তার প্রতিবেশী বর্শিকুড়া ডাক্তার বাড়ির ডা. আব্দুর রহমানের ছেলে রতন মিয়ার স্ত্রীর পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে।
বিষয়টি জানতে পেরে ক্ষুব্ধ রতন মিয়া বাবুল মিয়াকে হত্যার পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী, ২০১৮ সালের ২৮ সেপ্টেম্বর রাতে তিনি কৌশলে বাবুল মিয়াকে কলমাকান্দা উপজেলার কৈলাটী ইউনিয়নের কাকুড়িয়া মাছিম দাসপাড়া মরাগঙ্গা এলাকায় নিয়ে যান এবং রাত আনুমানিক ৯টার দিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন।
পরদিন ২৯ সেপ্টেম্বর দুপুরে চাচাতো ভাই অলির ফোনে বড় ভাইয়ের হত্যার খবর পেয়ে ছোট ভাই শামীম মিয়া ওই দিন রাতেই কলমাকান্দা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটির নম্বর ২৫(৯)২০১৮।
পুলিশ মামলাটি তদন্ত করে অভিযুক্ত রতন মিয়াকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। গ্রেফতারের পর রতন মিয়া ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
বিচারক ১৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে পেনাল কোডের ৩০২ ধারায় অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় রতন মিয়াকে দোষী সাব্যস্ত করেন এবং তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট আবুল হাসেম এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আনিসুর রহমান।
১২০ বার পড়া হয়েছে