সর্বশেষ

সারাদেশ

ময়মনসিংহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন

আওলাদ রুবেল, ময়মনসিংহ 
আওলাদ রুবেল, ময়মনসিংহ 

বৃহস্পতিবার , ৩০ এপ্রিল, ২০২৬ ১:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহ নগরীর মধ্য বাড়েরা কাদুর বাড়ি বাইলেনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ময়মনসিংহ আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এএসএম আমানুল্লাহ।

এ উদ্বোধনের মধ্য দিয়ে ময়মনসিংহ অঞ্চলের শিক্ষার্থীদের জন্য উন্নত শিক্ষাসুবিধার নতুন দ্বার উন্মোচিত হলো। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে এ কেন্দ্রটি উদ্বোধন করা হয়।

পরে নগরীর টাউন হল এলাকায় তারেক স্মৃতি অডিটোরিয়ামে এ উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এএসএম আমানুল্লাহ বলেন, শিক্ষা কারিকুলাম ইতোমধ্যে দুইবার সংশোধন করা হয়েছে এবং তৃতীয়বারের জন্য কাজ চলমান রয়েছে। পাশাপাশি ট্রেড কোর্স চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, দায়িত্ব গ্রহণের পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রায় ৩৯টি সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে, যার মধ্যে কিছু বাস্তবায়িত হয়েছে, কিছু বাস্তবায়নের পথে রয়েছে এবং কিছু বাস্তবায়নে সময় লাগবে।

তিনি আরও বলেন, ১৯৯২ সালে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সংসদে আইন পাসের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এর মূল উদ্দেশ্য ছিল উচ্চশিক্ষাকে সুসংগঠিত করা এবং শিক্ষার্থীদের জন্য উন্নত সুযোগ তৈরি করা। তবে সেই প্রত্যাশা এখনো পুরোপুরি পূরণ হয়নি।

বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রতি বছর প্রায় ১০ লাখ গ্র্যাজুয়েট বের হচ্ছে, যার মধ্যে প্রায় ৩ থেকে সাড়ে ৩ লাখ শিক্ষার্থী চাকরি পাচ্ছে না। ফলে ১০ বছরে প্রায় ৩০ লাখ শিক্ষার্থী বেকার হয়ে পড়তে পারে, যা রাষ্ট্র ও সমাজের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্দেশ্য কখনোই এমন হওয়ার কথা নয়।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয় হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বর্তমানে প্রায় ৪০ লাখ শিক্ষার্থী অধ্যয়ন করছে এবং প্রায় ২ হাজার ৫০০টি অধিভুক্ত কলেজ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, বর্তমান শিক্ষা ব্যবস্থায় বাংলাদেশকে কাঙ্ক্ষিত উন্নয়নের পথে এগিয়ে নেওয়া সম্ভব নয়।

এ অবস্থা থেকে উত্তরণের জন্য তিনি কিছু মৌলিক পরিবর্তনের ওপর গুরুত্বারোপ করেন। এর মধ্যে রয়েছে—সিলেবাস যুগোপযোগী করা, শিক্ষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি, ল্যাবগুলো কার্যকর করা, বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউট বৃদ্ধি এবং এমন বিষয় অন্তর্ভুক্ত করা, যেগুলো পড়াশোনা শেষে দেশে ও বিদেশে চাকরির সুযোগ সৃষ্টি করবে।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র সমন্বয় দপ্তরের পরিচালক মো. আমিনুল আক্তার। শুভেচ্ছা বক্তব্য দেন আনন্দমোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মো. শাকির হোসেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) আসনের সংসদ সদস্য মো. কামরুল হাসান মিলন, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রোকনুজ্জামান রোকন এবং শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক শেখ আমজাদ আলী।

১৩০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন