পোর্টাল বন্ধে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম, ১২ ঘণ্টায় পিছু হটল এসএমপি
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল, ২০২৬ ২:০৬ অপরাহ্ন
শেয়ার করুন:
সিলেটে নিবন্ধনবিহীন অনলাইন নিউজপোর্টাল ৪৮ ঘণ্টার মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়ে রাতে গণবিজ্ঞপ্তি জারি করে পরদিন সকালে তা প্রত্যাহার করে নিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে সংক্ষিপ্ত এক বিজ্ঞপ্তির মাধ্যমে আগের গণবিজ্ঞপ্তি বাতিলের ঘোষণা দেওয়া হয়। দুটি বিজ্ঞপ্তিতেই স্বাক্ষর করেন এসএমপির কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী।
বিষয়টি নিশ্চিত করে এসএমপির অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুর আলম সংবাদমাধ্যমকে বলেন, “অনলাইন নিউজপোর্টাল সংক্রান্ত গণবিজ্ঞপ্তিটি বাতিল করা হয়েছে। কেন বাতিল করা হয়েছে, সেটা আমি জানি না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এ বিষয়ে বলতে পারবেন।”
তবে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, পুলিশ কমিশনারকে নিয়ে জাতীয় অনলাইন পোর্টাল “এইমাত্র” ও স্থানীয় “সিলেট প্রেস বিডি”-তে সংবাদ প্রকাশের জের ধরেই গণবিজ্ঞপ্তিটি জারি করা হয়েছিল। যদিও পরে স্থানীয় পোর্টালটি প্রতিবেদন প্রত্যাহার করে দুঃখ প্রকাশ করে। এদিকে গণবিজ্ঞপ্তি জারির পরপরই পুলিশ কমিশনার এখতিয়ার বহির্ভূতভাবে এ ধরনের নির্দেশনা দিয়েছেন বলে সমালোচনা ছড়িয়ে পড়ে। পরবর্তীতে সেই সমালোচনার মুখেই গণবিজ্ঞপ্তিটি বাতিল করা হয়।
গণবিজ্ঞপ্তি বাতিলসংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, “এতদ্বারা সিলেট মহানগরীর সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে, সিলেট মেট্রোপলিটন পুলিশ কর্তৃক বিজ্ঞপ্তি সিটিএসবি/এসএমপি/২৫০১, তারিখ ২৯/০৪/২০২৬ খ্রি. মূলে জারিকৃত গণবিজ্ঞপ্তি এতদ্বারা বাতিল করা হলো।”
এর আগে বুধবার রাতে জারি করা গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, “কিছু নিউজ পোর্টাল যথাযথ রেজিস্ট্রেশন ব্যতীত ভুল, অসত্য, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত, মানহানিকর, সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচার ও প্রপাগান্ডাভিত্তিক সংবাদ প্রচার করছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।”
ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “এই গণবিজ্ঞপ্তি জারির ৪৮ ঘণ্টার মধ্যে (১ মে ২০২৬ সন্ধ্যা ৬টা) রেজিস্ট্রেশনবিহীন অনলাইন নিউজপোর্টাল দেশি/বিদেশি ডোমেইন থেকে অপসারণের নির্দেশ প্রদান করা হলো। অন্যথায় কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এছাড়া সাধারণ পাঠকদের উদ্দেশে বলা হয়, “উক্তরূপ নিউজপোর্টালের প্রকাশিত কোনো সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ, শেয়ার, লাইক ও কমেন্ট করা থেকে বিরত থাকার জন্য সিলেট মহানগরীর সর্বসাধারণকে অনুরোধ করা হলো।”
গণবিজ্ঞপ্তিটি প্রকাশের পরপরই এর বৈধতা ও এখতিয়ার নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়। সমালোচকদের মতে, অনলাইন গণমাধ্যমের নিবন্ধন প্রদান ও বাতিলের এখতিয়ার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নির্দেশনা ছাড়া এ ধরনের বিজ্ঞপ্তি জারি করা পুলিশের এখতিয়ার বহির্ভূত এবং গণমাধ্যমের ওপর অযাচিত হস্তক্ষেপের শামিল।
১৩৭ বার পড়া হয়েছে