গৌরনদীতে একই দিনে কুকুরের কামড়ে ১৪ জন ও বিড়ালের কামড়ে ১ জন আহত
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল, ২০২৬ ১:৫৬ অপরাহ্ন
শেয়ার করুন:
বরিশালের গৌরনদী উপজেলায় একই দিনে পাগলা কুকুর ও বিড়ালের কামড়ে মোট ১৫ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার টরকী, বিল্বগ্রাম, শাওড়া, সুন্দরী, বার্থী, কটকস্থল, বাউরগাতি, মাগুরাসহ বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে।
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের রেজিস্টার সূত্রে জানা যায়, পাগলা কুকুরের কামড়ে আহত ১৪ জনের মধ্যে রয়েছেন—
কটকস্থল গ্রামের সুমন তালুকদারের সাড়ে পাঁচ বছরের মেয়ে আবিদা, একই গ্রামের আল-আমিনের তিন বছরের ছেলে আয়াত, মিঠু সরদারের আট বছরের মেয়ে লাইজু, ইউনুস প্যাদার মেয়ে মুনা (২২), ইয়াছিন মিয়ার চার বছরের মেয়ে তাইয়েবা, মোনতাজ হোসেনের স্ত্রী জোলেখা বেগম (৪০), সুন্দরদী গ্রামের সামছুল আলমের মেয়ে মাসুদা বেগম (৩৬), একই গ্রামের রাজিব ঘরামীর সাড়ে তিন বছরের মেয়ে খাদিজা, টরকী এলাকার ভরদ দাসের মেয়ে শিউলী (৩৩), উত্তর বাউরগাতি গ্রামের শাহজাহানের মেয়ে পারুল বেগম (৫০), পশ্চিম বাউরগাতি গ্রামের লিখন প্যাদার ছেলে আবু বক্কর (১২), শামীম ঘরামীর সাত বছরের মেয়ে সামিয়া, বড় দুলালী গ্রামের মজিবর সিকদারের ছয় বছরের ছেলে নবীন এবং পাশ্ববর্তী আগৈলঝাড়া উপজেলার মাগুরা গ্রামের ইসমাইল বেপারীর ছেলে সবুজ বেপারী (৩২)।
এছাড়া একই দিনে বিড়ালের কামড়ে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নেন গৌরনদী বাসস্ট্যান্ড এলাকার গোপাল কুন্ডুর ছেলে মিটুল কুমার কুন্ডু (২৯)।
রেজিস্টার সূত্রে আরও জানা গেছে, এর আগের দিন (২৯ এপ্রিল) বাউরগাতি গ্রামের লোকমান হোসেনের স্ত্রী বিউটি বেগম (৪৬), শাওড়া গ্রামের ইমরান হোসেনের পাঁচ বছর বয়সী ছেলে আলজামিন কুকুরের কামড়ে এবং পতিহার গ্রামের ওমর গাজীর মেয়ে খাদিজা বেগম (২৮) বিড়ালের কামড়ে আহত হয়ে গৌরনদী উপজেলা হাসপাতালে চিকিৎসা নেন।
গৌরনদী উপজেলা হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. সমিরন হালদার জানান, কুকুর ও বিড়ালের কামড়ে আহত সবাইকে প্রাথমিক চিকিৎসা ও ভ্যাকসিন দেওয়া হয়েছে এবং তারা পরে বাড়ি ফিরে গেছেন।
১২৩ বার পড়া হয়েছে