বয়সসীমা বাতিল করে বিএসইসি ও আইডিআরএ সংশোধনী বিল সংসদে পাস
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬ ৮:১৬ অপরাহ্ন
শেয়ার করুন:
বিরোধী দলের আপত্তি সত্ত্বেও জাতীয় সংসদে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন (সংশোধন) ২০২৬ এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (সংশোধন) বিল ২০২৬ পাস হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ২৫তম দিনে বিল দুটি উত্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় বিরোধী দল আপত্তি জানালেও শেষ পর্যন্ত কণ্ঠভোটে বিল দুটি পাস হয়।
বর্তমান আইনে ৬৫ বছর বয়স পূর্ণ হলে কোনো ব্যক্তি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান বা কমিশনার হিসেবে নিয়োগ পাওয়ার অযোগ্য বলে বিবেচিত হন এবং দায়িত্বে বহাল থাকতে পারেন না। সংশোধিত বিলে এই বয়সসীমা সংক্রান্ত বিধান বাতিলের প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়েছে।
অন্যদিকে, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) আইনে আগে নির্ধারিত ছিল, ৬৭ বছর বয়স পূর্ণ হলে কোনো ব্যক্তি চেয়ারম্যান বা সদস্য হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না। সংশোধিত বিলে এই বয়সসীমাও বাতিলের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
বিল দুটির উদ্দেশ্য ও কারণসংবলিত পৃথক বিবৃতিতে বলা হয়েছে, অভিজ্ঞ, দক্ষ ও জ্ঞানসম্পন্ন ব্যক্তিদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে যুক্ত করার সুযোগ সৃষ্টি করতে আইনগুলো সময়োপযোগী করা প্রয়োজন।
১৯২ বার পড়া হয়েছে