ফতুল্লায় ব্যবসায়ীর বাসায় ডাকাতির ঘটনায় ৩ জন গ্রেফতার, স্বর্ণালংকার উদ্ধার
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল, ২০২৬ ১:৫৪ অপরাহ্ন
শেয়ার করুন:
নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা এলাকার ব্যবসায়ী হুমায়ুন কবিরের বাসায় ডাকাতির ঘটনায় জড়িত তিনজন ডাকাত সদস্যকে র্যাব-৪-এর সহযোগিতায় গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো হালিম ওরফে বোচা হালিম, শাহিন খাঁ এবং নয়ন মিয়া। বুধবার রাতে ঢাকার গাবতলী বাসস্ট্যান্ড ও কেরানীগঞ্জ থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে গাবতলী বাসস্ট্যান্ড এলাকা থেকে হালিম ও শাহিন খাঁকে আটক করা হয়। পরে তাদের দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে কেরানীগঞ্জের আটি বাজারস্থ ছায়ানীড় মার্কেটের ‘নয়ন জুয়েলার্স’-এ অভিযান চালিয়ে লুট হওয়া ছয় স্বর্ণালংকারসহ নয়নকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে তাদের দেওয়া তথ্য অনুযায়ী, হুমায়ুন কবিরের বাড়ির পাশের একটি ডোবা থেকে ডাকাতির কাজে ব্যবহৃত কাটার উদ্ধার করা হয়। এ সময় ডাকাতির ঘটনায় লুট হওয়া সাড়ে ছয় ভরি আট আনা স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।
এদিকে, একই সময়ের আরেক ঘটনায় সিদ্ধিরগঞ্জের জালকুড়ি খেলার মাঠ এলাকায় হাজী এমদাদুল ইসলাম ইন্তু মাস্টারের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ভোরে ডাকাতরা বাড়ির বারান্দার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে নারীসহ পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে ফেলে। এরপর তারা ঘর থেকে প্রায় ১০ ভরি স্বর্ণালংকার, নগদ ২ লাখ টাকা এবং ৭টি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।
ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ তদন্ত কার্যক্রম শুরু করেছে।
১২০ বার পড়া হয়েছে