বাংলাদেশের হাইকমিশনারকে ফের তলব করল ভারত
বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫ ৪:০৪ অপরাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে ফের তলব করেছে ভারত।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাকে ডেকে পাঠানো হয়। ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলবের কয়েক ঘণ্টার মধ্যেই এই পাল্টা পদক্ষেপ নেয় ভারত।
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, ভারতে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোকে লক্ষ্য করে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে উদ্বেগ জানানোয় প্রতিক্রিয়া হিসেবেই নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করা হয়েছে।
এর আগে মঙ্গলবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম। এ সময় নয়াদিল্লি ও শিলিগুড়িতে বাংলাদেশের কূটনৈতিক স্থাপনায় হামলা ও ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ। একই সঙ্গে ভারতে অবস্থানরত বাংলাদেশি কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।
উল্লেখ্য, চলতি মাসের ১৪ ডিসেম্বরও প্রণয় ভার্মাকে তলব করেছিল বাংলাদেশ। সে সময় ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্য নিয়ে আপত্তি জানানো হয়। পাশাপাশি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হামলায় জড়িতদের ভারতে পালিয়ে যাওয়া ঠেকাতে ভারতের সহযোগিতা কামনা করা হয়।
অন্যদিকে, গত ১৭ ডিসেম্বরও নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছিল ভারত। এক সপ্তাহ না পেরোতেই তাকে ফের তলব করায় দুই দেশের কূটনৈতিক সম্পর্কে নতুন করে উত্তেজনার ইঙ্গিত দেখা যাচ্ছে।
২৪৫ বার পড়া হয়েছে