ওয়ানডে ক্রিকেটকে বিদায় বললেন গ্লেন ম্যাক্সওয়েল
সোমবার, ২ জুন, ২০২৫ ৭:৩০ অপরাহ্ন
শেয়ার করুন:
অস্ট্রেলিয়ার মারকুটে ব্যাটার ও অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।
সোমবার (২ জুন) ‘দ্য ফাইনাল ওয়ার্ড’ পডকাস্টে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্তের কথা জানান তিনি।
২০১২ সালের আগস্টে ওয়ানডে অভিষেক হওয়া ম্যাক্সওয়েল ক্যারিয়ারে অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন ১৪৯টি ওয়ানডে ম্যাচ। এই সময়ের মধ্যে তিনি ছিলেন ২০১৫ এবং ২০২৩ সালের বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য।
৩৬ বছর বয়সী এই অলরাউন্ডার জানান, শারীরিক অবস্থা বিবেচনায় নিয়েই তিনি ওয়ানডে থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ২০২২ সালে একটি দুর্ঘটনায় তার পা ভেঙে যাওয়ার পর থেকে ওয়ানডে ফরম্যাটটি শরীরের ওপর বাড়তি চাপ তৈরি করছে বলে উল্লেখ করেন তিনি। বিশেষ করে সাম্প্রতিক চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলো শেষে শরীরে ব্যথা অনুভব করার বিষয়টি তাকে ভাবিয়ে তোলে।
তবে ওয়ানডে ছাড়লেও এখনই পুরোপুরি আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ছেন না ম্যাক্সওয়েল। টি-টোয়েন্টি ফরম্যাটে অস্ট্রেলিয়ার হয়ে খেলা চালিয়ে যাবেন তিনি। সামনে রয়েছে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ, যেটি অনুষ্ঠিত হবে ভারত ও শ্রীলঙ্কায়। সেই টুর্নামেন্টের পর টি-টোয়েন্টি থেকেও অবসর নিতে পারেন বলেও ইঙ্গিত দিয়েছেন এই অভিজ্ঞ ক্রিকেটার।
৩৪৩ বার পড়া হয়েছে