পবার ভূমি অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬ ৮:৫৭ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজশাহীর পবা উপজেলা ভূমি অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। রোববার (২৯ নভেম্বর) রাত ১টার দিকে উপজেলার ভূগরোইল মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিক্ষেপ করা তিনটি পেট্রোল বোমার মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে। অপর দুটি অবিস্ফোরিত অবস্থায় পাওয়া গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
সাম্প্রতিক সময়ে রাজশাহীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় হামলার ঘটনার মধ্যে পবা উপজেলা ভূমি অফিসে এ হামলার ঘটনা ঘটল। এতে গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনাগুলোর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
ঘটনার খবর পেয়ে রোববার দুপুর ১২টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। পরে দুপুর সাড়ে ১২টার দিকে তিনি পবার পারিলা ইউনিয়নে অবস্থিত পল্লী বিদ্যুতের খড়খড়ি উপকেন্দ্র পরিদর্শন করেন। এ সময় পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনুল আবেদীন এবং সহকারী কমিশনার (ভূমি) আবিদা খানম বৈশাখী উপস্থিত ছিলেন। এর আগে সকালে রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলনও ঘটনাস্থল পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, পবা উপজেলা ভূমি অফিসের আগে পল্লী বিদ্যুতের খড়খড়ি উপকেন্দ্রসহ বিভিন্ন স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বয়ে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে।
তিনি বলেন, ভূমি অফিসে সাধারণ মানুষের গুরুত্বপূর্ণ দলিল ও রেকর্ড সংরক্ষিত থাকে। এ ধরনের হামলা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয়। বিধ্বংসী কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে এসব ঘটনা ঘটানো হচ্ছে বলে মনে হচ্ছে। হামলাকারীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
জেলা প্রশাসক আরও বলেন, অসৎ উদ্দেশ্যে কিংবা মানুষের মধ্যে আতঙ্ক ছড়াতে কেউ এসব ঘটনা ঘটিয়ে থাকতে পারে। তবে এ ধরনের প্রবণতা খুব বেশি নয়। জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি জানান, গুরুত্বপূর্ণ স্থাপনা ও পল্লী বিদ্যুতের কার্যালয়গুলোতে নৈশপ্রহরী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি পুলিশের টহল অব্যাহত রয়েছে এবং সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। সরকারি স্থাপনা ও জনস্বার্থ রক্ষায় সাধারণ মানুষকেও সচেতন থাকার আহ্বান জানান তিনি।
পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীন বলেন, পবা শহরকেন্দ্রিক উপজেলা হওয়ায় এখানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। সাম্প্রতিক সময়ে বিমানবন্দর ও পল্লী বিদ্যুতের খড়খড়ি উপকেন্দ্রে হামলার ঘটনা ঘটেছে। এর ধারাবাহিকতায় রোববার রাতে উপজেলা ভূমি অফিসেও হামলা চালানো হয়।
তিনি জানান, ভূমি অফিসে নিক্ষেপ করা তিনটি পেট্রোল বোমার মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে। অপর দুটি অবিস্ফোরিত অবস্থায় ছিল। নৈশপ্রহরী ও অন্যান্য নিরাপত্তাকর্মীর সতর্ক অবস্থানের কারণে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
ইউএনও আরও বলেন, উপজেলা পরিষদ, উপজেলা ভূমি অফিস, বিমানবন্দর, বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে নিরাপত্তা ও নজরদারি বাড়ানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রাত পর্যন্ত টহল দিচ্ছেন। পাশাপাশি আনসার সদস্য মোতায়েনের উদ্যোগ নেওয়া হয়েছে। নিরাপত্তাব্যবস্থা আরও শক্তিশালী করতে সংশ্লিষ্ট সবাই সমন্বিতভাবে কাজ করছেন।
তিনি বলেন, সহিংসতা ও নাশকতার নেতিবাচক প্রভাব শেষ পর্যন্ত সাধারণ নাগরিক ও এলাকাবাসীকেই ভোগ করতে হয়। তাই কোথাও সন্দেহজনক ব্যক্তি বা দুর্বৃত্তের তৎপরতা চোখে পড়লে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। পবা উপজেলায় এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রশাসন ও নিরাপত্তা বাহিনী কাজ করছে।
১৩০ বার পড়া হয়েছে