সর্বশেষ

আন্তর্জাতিক

মিয়ানমারে স্কুল ও বৌদ্ধবিহারে বিমান হামলা, নিহত অন্তত ৩০

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬ ৩:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
মিয়ানমারের মধ্যাঞ্চলীয় মাগওয়ে অঞ্চলে একটি স্কুল ও বৌদ্ধবিহার প্রাঙ্গণে সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে শিশু ও স্কুলশিক্ষার্থীও রয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) চালানো এ হামলায় নারী ও শিশুসহ বহু বেসামরিক মানুষ হতাহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সূত্র ও জান্তা সরকারবিরোধী পক্ষ।

মিয়ানমারের মধ্যাঞ্চলীয় মাগওয়ে অঞ্চলের সিনবাউংওয়ে শহরে একটি স্কুল ও বৌদ্ধবিহার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। শনিবার (২৮ নভেম্বর) স্থানীয় প্রত্যক্ষদর্শী এবং জান্তা সরকারবিরোধী জাতীয় ঐক্যের সরকার (এনইউজি) হামলার তথ্য প্রকাশ করে।

এনইউজি ও স্থানীয় বিদ্রোহী কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৩টার দিকে হামলাটি চালানো হয়। ওই সময় স্কুল ও বৌদ্ধবিহার প্রাঙ্গণে একটি ধর্মীয় অনুষ্ঠান চলছিল। যৌথ বিবৃতিতে দাবি করা হয়েছে, হামলায় বিমান থেকে ৫০০ পাউন্ড ওজনের চারটি বোমা, কামানের ১২টি গোলা এবং সাতটি আত্মঘাতী ড্রোন ব্যবহার করা হয়।

এনইউজির মুখপাত্র নে ফোন ল্যাট জানিয়েছেন, হামলায় অন্তত ৯ জন বিদ্রোহী যোদ্ধা নিহত হয়েছেন। পাশাপাশি নারী ও শিশুসহ ২০ জনের বেশি বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন।

স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, হামলার সময় ওই এলাকায় কোনো ধরনের সংঘর্ষ চলছিল না। বিদ্রোহী যোদ্ধারা মাঝেমধ্যে গ্রামটিতে যাতায়াত করলেও সেখানে নিয়মিত কোনো সামরিক তৎপরতা ছিল না বলে দাবি করেন তিনি।

তবে মিয়ানমারের সেনাবাহিনীর সমর্থক কয়েকটি টেলিগ্রাম চ্যানেলের দাবি, বিদ্রোহী বাহিনীর একটি সমাবেশ ও স্নাতক সমাপনী অনুষ্ঠানকে লক্ষ্য করে হামলাটি চালানো হয়েছিল। এ বিষয়ে শনিবার পর্যন্ত দেশটির সামরিক বাহিনী বা সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এনইউজির পরিসংখ্যান অনুযায়ী, ২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর থেকে ২০২৬ সালের অক্টোবরের শেষ পর্যন্ত মিয়ানমারের বিভিন্ন এলাকায় ১৫ হাজারের বেশি বিমান হামলা চালিয়েছে দেশটির সামরিক বাহিনী। এসব হামলায় অন্তত ৬ হাজার ৪৬৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে ৫৬২টি স্কুল ও ৮৪৮টি ধর্মীয় স্থাপনা।

সিনবাউংওয়ের হামলার নিন্দা জানিয়েছে এনইউজি ও স্থানীয় বিদ্রোহী কর্তৃপক্ষ। ঘটনাটিকে যুদ্ধাপরাধ এবং আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে তারা। ভবিষ্যতে আন্তর্জাতিক আইনি পদক্ষেপ নেওয়ার জন্য প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহ করা হচ্ছে বলেও জানিয়েছে বিরোধী পক্ষ।

একই সঙ্গে মিয়ানমারের সামরিক বাহিনীর কাছে উড়োজাহাজের জ্বালানি, গোলাবারুদ ও ড্রোন প্রযুক্তি সরবরাহ বন্ধ করতে জাতিসংঘ, আসিয়ান এবং প্রতিবেশী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে তারা।

২০২১ সালে সামরিক বাহিনীর ক্ষমতা দখলের পর থেকেই মিয়ানমারে সংঘাত চলছে। দীর্ঘদিনের এই গৃহযুদ্ধে এখন পর্যন্ত প্রায় এক লাখ মানুষ নিহত এবং ৩৫ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। তবে সাম্প্রতিক বিমান হামলার হতাহতের সংখ্যা ও ঘটনার বিস্তারিত তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বার্তা সংস্থা রয়টার্স।

১১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০