সর্বশেষ

আন্তর্জাতিক

রাশিয়ার সামরিক বাজেটে রেকর্ড, বরাদ্দ ৬০৬ বিলিয়ন ডলার

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ ৬:০৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুদ্ধ বন্ধের কোনো ইঙ্গিত না দিয়ে ২০২৭ থেকে ২০২৯ সাল পর্যন্ত তিন বছরের জন্য রেকর্ড সামরিক বাজেট অনুমোদন করেছে রাশিয়ার পার্লামেন্ট। নতুন বাজেটে জাতীয় প্রতিরক্ষা খাতে প্রায় ৬০৬ বিলিয়ন ডলার বরাদ্দ রাখা হয়েছে, যা সোভিয়েত ইউনিয়নের পতনের পর সর্বোচ্চ সামরিক বরাদ্দ।

নতুন এই সামরিক বাজেট আগের তিন বছরের বরাদ্দের তুলনায় প্রায় ১২১ বিলিয়ন ডলার বেশি। বিশ্লেষকদের মতে, রাশিয়ার এই বিপুল সামরিক বরাদ্দ থেকে বোঝা যাচ্ছে, ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ করার কোনো পরিকল্পনা আপাতত মস্কোর নেই।

২০২২ সালে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে রাশিয়া সামরিক খাতে প্রায় ৭১০ বিলিয়ন ডলার ব্যয় করেছে। নতুন বাজেট অনুযায়ী, ২০২৭ সালের শেষ নাগাদ দেশটির সামরিক ব্যয় বেড়ে প্রায় ৯১৮ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। ২০২৮ সালের শেষে তা দাঁড়াতে পারে প্রায় ১ লাখ ১০ হাজার কোটি ডলারে। আর ২০২৯ সালের শেষ নাগাদ এই ব্যয় ১ লাখ ৩০ হাজার কোটি ডলার ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

ক্রমবর্ধমান সামরিক ব্যয়ের চাপ সামাল দিতে বিভিন্ন খাতে কর বাড়ানোর পরিকল্পনা নিয়েছে পুতিন সরকার। এর অংশ হিসেবে খনি কোম্পানিগুলোর ওপর অতিরিক্ত কর আরোপ এবং নাগরিকদের বিনিয়োগ থেকে আয় বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

অন্যদিকে সামরিক ব্যয়ের অর্থ জোগাতে বেসামরিক বিভিন্ন খাতের বরাদ্দ কমানো হচ্ছে। নতুন বাজেটে আবাসন ও জনসেবা খাতে ব্যয় ৮ শতাংশ, স্বাস্থ্যসেবায় ৩ শতাংশ এবং পেনশনসহ সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ ৬ শতাংশ কমানোর পরিকল্পনা রয়েছে।

প্রায় পাঁচ বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধের ব্যয় মেটাতে রাশিয়ার ব্যবসাপ্রতিষ্ঠান ও সাধারণ মানুষের ওপর ক্রমাগত করের চাপ বাড়ছে। ফলে দেশটির অর্থনীতি ক্রমেই সামরিক ব্যয়নির্ভর হয়ে উঠছে। একই সঙ্গে সাধারণ মানুষের প্রয়োজনীয় বিভিন্ন সেবা খাতেও চাপ বাড়ছে।

এদিকে সামরিক ব্যয় বৃদ্ধি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি কমে যাওয়ায় চলতি বছর রাশিয়ার বাজেট ঘাটতি পূর্বাভাসের তুলনায় অনেক বেশি হয়েছে। পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা, উচ্চ সুদের হার, শ্রমিক সংকট এবং রাশিয়ার তেল শোধনাগার ও রপ্তানি টার্মিনালে ইউক্রেনের হামলার কারণে দেশটির অর্থনৈতিক পরিস্থিতি আরও চাপে পড়েছে।

এমন পরিস্থিতিতে রাশিয়ার নতুন সামরিক বাজেট অনুমোদনের সময়ই পুতিনকে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন ট্রাম্প। গত সপ্তাহেও রুশ প্রেসিডেন্টকে নিজের বন্ধু হিসেবে উল্লেখ করেছিলেন তিনি। তবে এবার পুতিনের প্রতি তুলনামূলক কঠোর অবস্থান প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প জানিয়েছেন, গত সপ্তাহে চীনে পুতিনের সঙ্গে বৈঠকের সময় ইউরোপের বিভিন্ন অঞ্চলে রাশিয়ার সামরিক আগ্রাসন বন্ধের বিষয়ে আলোচনা করেছেন তিনি।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘চীনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার সময় আমি অনেকটা সময় ব্যয় করেছি ইউরোপের বিভিন্ন ভূখণ্ডে তাঁর সামরিক আগ্রাসন বন্ধের বিষয়ে কথা বলতে।’

তিনি আরও বলেন, ‘রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দ্রুত একটি চুক্তি হতে পারে—সেই আশাতেই আমি তাঁকে এ আহ্বান জানিয়েছি।’

ট্রাম্পের বিশ্বাস, যুদ্ধ বন্ধে দুই দেশের মধ্যে একটি সমঝোতায় পৌঁছানোর যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

তবে পুতিনকে ইউরোপের কোন কোন অঞ্চলে সামরিক অভিযান বন্ধ করতে বলেছেন, সে বিষয়ে বিস্তারিত জানাননি ট্রাম্প। এমনকি ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে রাশিয়ার সঙ্গে যুদ্ধরত ইউক্রেনের নামও সরাসরি উল্লেখ করেননি তিনি।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০