সর্বশেষ

আন্তর্জাতিক

কোল্ড কফি আর খাবারের অর্ডারের আড়ালে আন্তর্জাতিক সাইবার প্রতারণা

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ ৫:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ভারতের উত্তরপ্রদেশের নয়ডায় একটি বহুতল ভবনে ভুয়া প্রতিষ্ঠানের আড়ালে চলছিল আন্তর্জাতিক সাইবার প্রতারণার কার্যক্রম। বাইরে থেকে কর্মীদের স্বাভাবিক অফিসযাপন দেখে সন্দেহ করার সুযোগ ছিল না স্থানীয়দের। নিয়মিত কোল্ড কফি পান, সিগারেট কেনা ও অনলাইনে খাবারের অর্ডার দেওয়ার আড়ালে চলছিল প্রতারণার বিশাল কর্মযজ্ঞ। সম্প্রতি ওই ভবনে অভিযান চালিয়ে ৯২ জন ইন্দোনেশীয় ও ৭২ জন মালয়েশীয় নাগরিককে উদ্ধার করেছে দিল্লি পুলিশ।

ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন অনুযায়ী, নয়ডার সেক্টর ১৩৬-এর ১৮ তলাবিশিষ্ট সভরেন করপোরেট টাওয়ারের অষ্টম তলায় প্রায় আড়াই মাস ধরে এ প্রতারণার কার্যক্রম পরিচালিত হচ্ছিল। এসকেভি নামের একটি ভুয়া প্রতিষ্ঠানের আড়ালে গড়ে তোলা হয়েছিল এই চক্রের কার্যক্রম।

ভবনটির নিরাপত্তাকর্মীদের ভাষ্য, বিদেশি নাগরিকেরা নিয়মিত বিভিন্ন খাবারের অর্ডার দিতেন। অনলাইন খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান সুইগি ও জোম্যাটো থেকে খাবার আনিয়ে তা সংগ্রহের জন্য প্রায়ই নিরাপত্তাকর্মীদের সহায়তা চাইতেন তাঁরা।

ভবনের বাইরের একটি চায়ের দোকানের মালিক জানান, বিদেশি নাগরিকেরা নিয়মিত তাঁর দোকানে এসে সিগারেট ও কোল্ড কফি কিনতেন। অন্য প্রতিষ্ঠানের কর্মীরাও তাঁদের স্বাভাবিক অফিসকর্মী হিসেবেই দেখতেন। তাঁদের চলাফেরা বা আচরণে সন্দেহজনক কিছু চোখে পড়েনি।

পুলিশের তথ্য অনুযায়ী, প্রায় তিন থেকে চার মাস আগে ছয় মাস মেয়াদি ব্যবসায়িক ভিসা নিয়ে ওই বিদেশি নাগরিকেরা ভারতে আসেন। তাঁদের থাকার ব্যবস্থা করা হয়েছিল সেক্টর ১২৮-এর শাহপুর গ্রামের একটি আবাসনে। প্রতিদিন প্রায় ৪০টি গাড়ির মাধ্যমে তাঁদের কর্মস্থলে আনা-নেওয়া করা হতো।

তবে বাইরে থেকে স্বাভাবিক অফিসের পরিবেশ মনে হলেও ভেতরে চলছিল কঠোর নিয়ন্ত্রণ। তদন্তে পুলিশ জানতে পেরেছে, বিদেশি কর্মীদের প্রতিদিন ১৫ ঘণ্টা কাজ করতে বাধ্য করা হতো। নির্দিষ্ট আর্থিক লক্ষ্যমাত্রা পূরণের জন্য তাঁদের ওপর চাপ দেওয়া হতো। এমনকি মুঠোফোন ব্যবহারের ক্ষেত্রেও ছিল নানা বিধিনিষেধ।

পুলিশের অভিযোগ, মালয়েশীয় নাগরিক তান গুয়ান ওয়েইয়ের নেতৃত্বে চক্রটি প্রতারণার কার্যক্রম পরিচালনা করত। ভুয়া ওয়েবসাইট, অনলাইন প্ল্যাটফর্ম ও অ্যান্ড্রয়েড অ্যাপ ব্যবহার করে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলা হতো।

চক্রটির সদস্যরা নারীদের নামে কাল্পনিক পরিচয় তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া হিসাব খুলতেন। এরপর অপরিচিত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করে ধীরে ধীরে তাঁদের আস্থা অর্জন করতেন। একপর্যায়ে ভুয়া বিনিয়োগ ও শেয়ারবাজারের প্ল্যাটফর্মে অর্থ বিনিয়োগের প্রস্তাব দেওয়া হতো। বেশি মুনাফার প্রলোভন দেখিয়ে এসব প্ল্যাটফর্মের মাধ্যমে মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়াই ছিল তাঁদের মূল উদ্দেশ্য।

অভিযানে প্রতারণার কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করেছে পুলিশ। এর মধ্যে রয়েছে ৩৫৫টি মুঠোফোন, ১৬৮টি ডেস্কটপ কম্পিউটার, ২৬টি ল্যাপটপ, ৫৩টি সিম কার্ড এবং ১৭৪টি পাসপোর্ট।

পুলিশের ভাষ্য অনুযায়ী, উদ্ধার হওয়া বিদেশি নাগরিকদের মালয়েশিয়া ও কম্বোডিয়ায় প্রশিক্ষণ দেওয়ার পর ভারতে আনা হয়েছিল। তবে নয়ডা পুলিশের দাবি, উদ্ধার হওয়া ব্যক্তিদের কেউ নির্যাতন বা জোর করে কাজ করানোর বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ করেননি। তাঁদের নিয়োগপ্রক্রিয়া এবং আবাসনের ব্যবস্থা কীভাবে করা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে বিদেশি নাগরিকদের আবাসনের তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর বাধ্যতামূলক নথি ফরম-সি জমা না দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আবাসনের মালিক ভরম সিং চৌহান ও তাঁর ছেলে দীপাংশুর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

২০২৫ সালের অভিবাসন ও বিদেশি নাগরিক আইন অনুযায়ী, সেক্টর ১২৬ থানায় তাঁদের বিরুদ্ধে মামলাটি নথিভুক্ত করা হয়েছে।

১২৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০