এলএনজি আমদানিতে বছরে ২৫.৮ বিলিয়ন ডলার ব্যয়ের শঙ্কা
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬ ৩:২৪ অপরাহ্ন
শেয়ার করুন:
আমদানিনির্ভর তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) দিয়ে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর পরিকল্পনা বাস্তবায়িত হলে বাংলাদেশকে বছরে সর্বোচ্চ ২৫ দশমিক ৮ বিলিয়ন ডলার ব্যয় করতে হতে পারে। পাশাপাশি মহেশখালী-মাতারবাড়ী এলাকায় নতুন গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র ও এলএনজি অবকাঠামো নির্মাণে প্রায় ২০ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। এতে বৈদেশিক মুদ্রার ওপর চাপ বাড়ার পাশাপাশি পরিবেশদূষণ ও জলবায়ু ঝুঁকি তীব্র হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে একটি গবেষণা প্রতিবেদন।
এলএনজিনির্ভর বিদ্যুৎ উৎপাদন সম্প্রসারণের পরিকল্পনা বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা, অর্থনীতি ও পরিবেশের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। এ পরিকল্পনা বাস্তবায়িত হলে আন্তর্জাতিক বাজারের দামের ওপর নির্ভর করে বছরে সর্বোচ্চ ২৫ দশমিক ৮ বিলিয়ন ডলার পর্যন্ত এলএনজি আমদানিতে ব্যয় হতে পারে।
‘এলএনজির শেষ চেষ্টা: বাংলাদেশের জন্য এমআইডিআই মাস্টারপ্ল্যান’ শীর্ষক এক প্রতিবেদনে এসব আশঙ্কার কথা তুলে ধরা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদনটি যৌথভাবে তৈরি করেছে আন্তর্জাতিক সংস্থা মার্কেট ফোর্সেস, ওয়াটারকিপার্স বাংলাদেশ ও ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)।
প্রতিবেদন অনুযায়ী, মহেশখালী-মাতারবাড়ী সমন্বিত অবকাঠামো উন্নয়ন উদ্যোগের (এমআইডিআই) আওতায় জীবাশ্ম জ্বালানিভিত্তিক অবকাঠামো নির্মাণে প্রায় ২০ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ১৯ বিলিয়ন ডলার এবং স্থলভিত্তিক এলএনজি আমদানি টার্মিনাল নির্মাণে প্রায় এক বিলিয়ন ডলার ব্যয়ের হিসাব করা হয়েছে।
জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) তৈরি এমআইডিআই মাস্টারপ্ল্যানে চট্টগ্রাম অঞ্চলে নতুন করে ১৩ গিগাওয়াট এলএনজিভিত্তিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা গড়ে তোলার প্রস্তাব রয়েছে। এ ছাড়া দৈনিক এক হাজার মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহের সক্ষমতাসম্পন্ন একটি স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনাও রয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৭ সালের পূর্বাভাস অনুযায়ী, এলএনজির গড় দাম দীর্ঘমেয়াদে অপরিবর্তিত থাকলে আমদানি ব্যয় বছরে সর্বোচ্চ ২৫ দশমিক ৮ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। তবে আন্তর্জাতিক বাজারে এলএনজির দাম কমে গেলে এ ব্যয় সাত বিলিয়ন ডলারে নেমে আসার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ, বিশ্ববাজারে জ্বালানিটির দামের ওঠানামার ওপর বাংলাদেশের আমদানি ব্যয় অনেকাংশে নির্ভর করবে।
প্রতিবেদনের লেখক ও মার্কেট ফোর্সেসের এশিয়া এনার্জি ট্রানজিশন ডিরেক্টর মুনিরা চৌধুরী বলেন, জাপানি কোম্পানি ও সংশ্লিষ্ট স্বার্থগোষ্ঠী বাংলাদেশকে এলএনজির ওপর বিপজ্জনক নির্ভরশীলতার দিকে ঠেলে দিচ্ছে। এতে লাখ লাখ মানুষের জীবন ও নিরাপদ জলবায়ু ঝুঁকির মুখে পড়তে পারে।
তিনি আরও বলেন, আমদানি করা গ্যাসের উচ্চমূল্য দেশের উৎপাদনশীল শিল্প খাতকে ক্ষতিগ্রস্ত করছে। গ্যাসের সরবরাহ ও বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ায় শিল্পকারখানার উৎপাদন কমছে। এতে অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি জীবাশ্ম জ্বালানির দূষণে মানুষের স্বাস্থ্যও ঝুঁকির মধ্যে পড়ছে।
প্রতিবেদনে জীবাশ্ম জ্বালানিভিত্তিক নতুন বিদ্যুৎকেন্দ্রগুলোর কার্বন নিঃসরণ নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, প্রস্তাবিত কেন্দ্রগুলো তাদের পুরো কার্যকালজুড়ে এক বিলিয়ন টনের বেশি কার্বন নিঃসরণ করতে পারে। এই পরিমাণ বাংলাদেশের বর্তমান জীবাশ্ম জ্বালানিভিত্তিক কার্বন নিঃসরণের ১০ গুণেরও বেশি।
এর ফলে বন্যা, ঘূর্ণিঝড়সহ জলবায়ু পরিবর্তনজনিত বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি আরও বাড়তে পারে। একই সঙ্গে বায়ুদূষণের কারণে জনস্বাস্থ্যের ওপরও নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়ক ও ধরার সদস্যসচিব শরীফ জামিল বলেন, এমআইডিআই মাস্টারপ্ল্যানের আওতায় নতুন গ্যাস অবকাঠামোতে ২০ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হলে বাংলাদেশ বায়ুদূষণ, ম্যানগ্রোভ বন ধ্বংস, ঋণের বোঝা ও জ্বালানির মূল্যবৃদ্ধির ঝুঁকিতে পড়বে। এর প্রভাব দেশের তৈরি পোশাকশিল্পেও পড়তে পারে।
তিনি বলেন, পুরোনো ধারার জীবাশ্ম জ্বালানিভিত্তিক অবকাঠামো নির্মাণে বিনিয়োগ না করে আন্তর্জাতিক অর্থায়নকারীদের বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণব্যবস্থার সক্ষমতা বাড়ানোর দিকে নজর দেওয়া উচিত। পাশাপাশি ২০৩০ সালের নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশকে সহযোগিতা করা প্রয়োজন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আন্তর্জাতিক পোশাক ব্র্যান্ডগুলো তাদের প্রতিশ্রুতি জোরদার করছে। বাংলাদেশের শিল্প খাতের নেতারাও নবায়নযোগ্য জ্বালানি, ব্যাটারিতে বিদ্যুৎ সংরক্ষণ এবং শিল্পকারখানায় বিদ্যুতের ব্যবহার বাড়াতে ইউনিক্লোর মতো আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর সহযোগিতা চাইছেন।
বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের যথেষ্ট সম্ভাবনা রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, দেশে সৌরবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা ২৪০ গিগাওয়াট এবং স্থলভিত্তিক বায়ুবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা ৩০ গিগাওয়াট। এসব সম্ভাবনা কাজে লাগানোর পরিবর্তে জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগের পরিকল্পনাই বেশি গুরুত্ব পাচ্ছে।
সরকার ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে ১০ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এ ছাড়া ২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য শতাংশ কর এবং যন্ত্রাংশ আমদানিতে শূন্য শুল্ক সুবিধা দেওয়া হয়েছে।
মুনিরা চৌধুরী বলেন, বাংলাদেশের মানুষের সাশ্রয়ী নবায়নযোগ্য জ্বালানি ও নির্মল বাতাস প্রয়োজন। গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বাড়িয়ে দূষণ ও জলবায়ু ঝুঁকি আরও বাড়ানোর প্রয়োজন নেই। জেরা, সুমিতোমো ও ইতোচুর মতো জাপানি কোম্পানিগুলোর সৌর ও বায়ুবিদ্যুৎ খাতে বিনিয়োগের সুযোগ রয়েছে।
প্রতিবেদনে মাতারবাড়ী-১ কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের উদাহরণও তুলে ধরা হয়েছে। জাপানের সহায়তায় নির্মিত ১ হাজার ২০০ মেগাওয়াট সক্ষমতার এই বিদ্যুৎকেন্দ্র নির্মাণে প্রায় ছয় বিলিয়ন ডলার ব্যয় হয়েছে। প্রকল্পটির সঙ্গে স্থানীয় জনগোষ্ঠীর বাস্তুচ্যুতি, নদীর ক্ষতি, পরিবেশদূষণ, ঋণ ও দুর্নীতির অভিযোগের বিষয়গুলো প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, প্রকল্পটি নির্মাণের সময় ২০ হাজারের বেশি লবণচাষি, জেলে ও স্থানীয় উৎপাদক তাঁদের জীবিকা হারিয়েছেন।
সব মিলিয়ে বাংলাদেশের জ্বালানি খাতের দীর্ঘমেয়াদি পরিকল্পনা পুনর্বিবেচনার সুপারিশ করেছে প্রতিবেদনটি। এতে জীবাশ্ম জ্বালানির পরিবর্তে সৌর ও বায়ুবিদ্যুৎ উৎপাদনে বিনিয়োগ বাড়ানো, বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণব্যবস্থার উন্নয়ন এবং নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা কাজে লাগানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
১২৪ বার পড়া হয়েছে